☰
✕

ব্রাহ্মণবাড়িয়ায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ

১৫ নভেম্বর, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়া জেলায় সরিষার আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে দুইহাজার চারশ’জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে সরিষার বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। 

শনিবার দুপুরে সদর উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কৃষকদের হাতে এসব কৃষি উপকরণ তুলে দেন জাতীয় সংসদের বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সংসদ সদস্য এবং জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা জাহানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম এবং জেলা বিএনপির জ্যেষ্ঠ সহ-সভাপতি জহিরুল ইসলাম খোকন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা হাজেরা বেগম।

সদর উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, কৃষি পুনর্বাসন সহায়তা খাতের আওতায় ২০২৬-২৭ রবি মৌসুমে উপজেলার বিভিন্ন ইউনিয়নের দুইহাজার চারশ’জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে এ প্রণোদনা দেওয়া হয়েছে। এর আওতায় প্রত্যেক কৃষককে এককেজি উন্নত জাতের সরিষার বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়।