☰
✕

কুষ্টিয়ায় নানা আয়োজনে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

১৪ নভেম্বর, ২০২৬

‘ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই’ প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ায় নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে। কুষ্টিয়া ডায়াবেটিক সমিতি ও মুজিবুর রহমান মেমোরিয়াল ডায়াবেটিক হাসপাতালের উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়।

শনিবার সকাল সাড়ে ৯টায় মুজিবুর রহমান মেমোরিয়াল ডায়াবেটিক হাসপাতাল প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার হাসপাতাল চত্বরে এসে শেষ হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা অংশ নেন।

শোভাযাত্রা শেষে সকাল ১০টায় হাসপাতাল প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কুষ্টিয়া জেলা আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ। প্রধান বক্তা ছিলেন হৃদরোগ বিশেষজ্ঞ ও সার্জন অধ্যাপক ডা. এস আর খান। টেলিকনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি ও জাতীয় অধ্যাপক ডা. এ কে আজাদ খান।

কুষ্টিয়া ডায়াবেটিক সমিতির সভাপতি মতিউর রহমান লাল্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হৃদরোগ বিশেষজ্ঞ ও ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) কুষ্টিয়া জেলা শাখার সভাপতি ডা. নাসিমুল বারী বাপ্পী। স্বাগত বক্তব্য দেন কুষ্টিয়া ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক মোশফিকুর রহমান টরলিন।

আলোচনা সভায় বক্তারা ডায়াবেটিস সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং সময়মতো চিকিৎসা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, ডায়াবেটিস নিয়ন্ত্রণে সচেতনতার বিকল্প নেই। নিয়মিত পরীক্ষা, চিকিৎসকের পরামর্শ মেনে চলা এবং স্বাস্থ্যকর জীবনযাপনের মাধ্যমে এ রোগের জটিলতা কমানো সম্ভব।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাক বাচ্চু, কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আনিসুজ্জামান ডাবলু, এ এম জুবায়েদ রিপনসহ অন্যান্য চিকিৎসক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। আলোচনা সভা শেষে ডায়াবেটিস প্রতিরোধ এবং সুস্থ জীবনধারা বজায় রাখতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।