১৫ নভেম্বর, ২০২৬
আইশ্যাডো, ব্লাশ বা লিপস্টিকের মেয়াদ ফুরিয়ে গেলেও নতুনের মতো থেকে যাওয়ায় অনেকে তা ফেলে দিতে চান না। তবে ত্বকের চিকিৎসকদের মতে, সামান্য মায়ার কারণে এই পুরনো প্রসাধনী ব্যবহার ডেকে আনতে পারে বড় ধরনের শারীরিক বিপদ।
প্যাকেটের গায়ের তারিখ ছাড়াও প্রসাধনী খোলার পর তা কিভাবে ব্যবহার বা সংরক্ষণ করা হচ্ছে, তার ওপর এর স্থায়িত্ব নির্ভর করে। ক্রিম বা মাশকারার কৌটোয় হাত বা ব্রাশ ডোবানোর ফলে ত্বকের তেল, ধুলোবালি ও জীবাণু ভেতরে প্রবেশ করে। নতুন পণ্যে জীবাণুর বিরুদ্ধে লড়ার ক্ষমতা থাকলেও পণ্য পুরনো হলে সেই ক্ষমতা নষ্ট হয়ে যায়।
সংরক্ষক উপাদান নষ্ট হলে ফাউন্ডেশন ফেটে যাওয়া বা কমলা হওয়া, মাশকারা শুকিয়ে দলা পাকানো কিংবা লিপ গ্লসের রং পরিবর্তনের মতো বদল ঘটে।
অনেক সময় প্রসাধনীর গন্ধ বা রূপ স্বাভাবিক মনে হলেও এর ভেতরে ক্ষতিকর ব্যাকটেরিয়া ও ছত্রাক বাসা বাঁধতে পারে।
যেসব সমস্যা হতে পারে
জীবাণুযুক্ত প্রসাধনী ব্যবহারে ত্বকে লালচে ভাব, চুলকানি, ফুসকুড়ি, ব্রণ ও রোমকূপ বন্ধ হয়ে যাওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে। বিশেষ করে চোখের চারপাশের সংবেদনশীল ত্বক বা ঠোঁটে মারাত্মক সংক্রমণ হতে পারে। শরীরের কোথাও কেটে গেলে সেখানে পুরনো প্রসাধনী ব্যবহার করলে বড় ধরনের ইনফেকশন ছড়াতে পারে।
সবচেয়ে ঝুঁকিপূর্ণ প্রসাধনী
মাশকারা ও তরল আইলাইনার : এগুলো সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ। চিকিৎসকদের মতে, খোলার তিন মাস পর মাশকারা বদলে ফেলা উচিত এবং এতে পানি মেশানো বা অন্যের সঙ্গে তা ভাগ করা উচিত নয়।
পাউডার জাতীয় পণ্য : পরিষ্কার ও শুকনো রাখলে এগুলো প্রায় দুই বছর পর্যন্ত ভালো থাকে। তবে শক্ত বা খসখসে হয়ে গেলে তা ফেলে দিতে হবে।
প্রাকৃতিক পণ্য : এগুলোতে জীবাণু প্রতিরোধক রাসায়নিক না থাকায় এগুলো খুব দ্রুত নষ্ট হয়।
এ ছাড়া বাথরুম বা স্যাঁতসেঁতে জায়গায় প্রসাধনী রাখা অনুচিত।
করণীয় ও সুরক্ষার উপায়
১। নতুন প্রসাধনী খোলার পর পেন দিয়ে তার গায়ে খোলার তারিখ লিখে রাখুন।
২। প্রতি সপ্তাহে অন্তত একবার মেকআপ ব্রাশ ও তুলি ভালোভাবে পরিষ্কার করুন।
৩। চোখ ও ঠোঁটের প্রসাধনী কখনোই কারো সঙ্গে ভাগ করবেন না।
৪। প্রসাধনীর গন্ধ, রং বা গঠনে সামান্য পরিবর্তন দেখলেই মায়া ত্যাগ করে তা ফেলে দিন। চিকিৎসায় খরচের চেয়ে নতুন প্রসাধনী কেনা অনেক নিরাপদ।