☰
✕

সহজ ও পুষ্টিকর উপায়ে যেভাবে ঘরেই তৈরি করবেন চিকেন স্টু

১৫ নভেম্বর, ২০২৬

জ্বরে ভুগে শরীর যখন দুর্বল হয়ে পড়ে, তখন ভারী বা তেল-মসলাযুক্ত খাবারের চেয়ে সহজপাচ্য ও পুষ্টিকর খাবার খাওয়া জরুরি। এ সময় গরম-গরম চিকেন স্টু হতে পারে দারুণ এক খাবার, যা মুখে রুচি ফেরানোর পাশাপাশি শরীরকে শক্তি জোগাতে সাহায্য করে।

ঘরে খুব সহজেই কিভাবে এটি তৈরি করবেন, চলুন জেনে নেই।

প্রয়োজনীয় উপকরণ
মুরগি: ১টি
মাখন ও তেল: প্রতিটি ২ টেবিল চামচ করে
ফোড়নের জন্য: গোটা গোলমরিচ (১২টি), লবঙ্গ (৫টি), দারুচিনি (২ টুকরা) ও তেজপাতা (২টি)
মসলা ও বাটা কুচি: লম্বা মিহি আদাকুচি (১ চা–চামচ), রসুনকুচি (১ চা–চামচ), পেঁয়াজ কুচি (২টি)
সবজি: ছোট আলু (৭-৮টি), গাজরের টুকরা (১ কাপ), পুঁইশাকের ডাঁটা (১টি, টুকরা করা), রসুনের কোয়া (৫টি), গোটা ছোট পেঁয়াজ (৬-৭টি), টমেটো (১টি) ও পেঁয়াজপাতা
ময়দা (২ টেবিল চামচ)
চিকেন স্টক (প্রয়োজনমতো)
সাদা গোলমরিচের গুঁড়া (২ চা–চামচ), কালো গোলমরিচের গুঁড়া (১ চা–চামচ) 
কাঁচা মরিচ (৫টি)
চিনি (১ চা–চামচ) এবং 
লবণ স্বাদমতো।

যেভাবে তৈরি করবেন
১। প্রথমে মুরগি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিন।

এরপর কালো গোলমরিচের গুঁড়া ও লবণ দিয়ে মাংস ভালো করে মেখে রাখুন।
২। একটি বড় ডিপ প্যানে ১ টেবিল চামচ তেল ও মাখন একসঙ্গে গরম করে তাতে গোটা গোলমরিচ, লবঙ্গ, দারুচিনি ও তেজপাতা ফোড়ন দিন।
৩।এবার আস্ত মুরগিটি প্যানে বসিয়ে হালকা উল্টেপাল্টে নিন, যাতে এর গায়ে মসলা ও মাখনের ঘ্রাণ ভালোভাবে মিশে যায়। মুরগির দুই পিঠ হালকা বাদামি রং হয়ে এলে তা নামিয়ে রাখুন।
৪। একই প্যানে বাকি আদা, রসুন ও পেঁয়াজকুচি দিয়ে নেড়ে কেটে রাখা আলু, গাজর, পছন্দের সবজি এবং সামান্য লবণ দিয়ে একটু ভেজে তুলে নিন।
৫।প্যানে বাকি তেল ও মাখন দিয়ে ময়দা দিয়ে নাড়তে থাকুন। ময়দা ভালোভাবে মিশে গেলে অল্প করে স্টক দিয়ে নাড়ুন, যাতে জমাট না বাঁধে। এরপর বাকি স্টক, ভেজে রাখা মুরগি ও সবজিগুলো একসঙ্গে ঢেলে দিন। (স্টক না থাকলে গরম পানিতে স্টকের কিউব মিশিয়ে তৈরি করে নিতে পারেন)। এমনভাবে স্টক দেবেন যাতে মুরগি ও সবজি সেদ্ধ হতে পারে।
৬। প্যানের মুখ ঢেকে রান্না করুন। মাংস ও সবজি সেদ্ধ হয়ে নরম হয়ে এলে এর মধ্যে আস্ত পেঁয়াজ, টমেটো ও পেঁয়াজপাতা দিয়ে দিন।
৭। ঝোল ঘন হয়ে এলে কাঁচা মরিচ, সাদা ও কালো গোলমরিচের গুঁড়া এবং সামান্য চিনি ছড়িয়ে দিন।
৮। সবশেষে লবণের স্বাদ ঠিক আছে কি না দেখে নামিয়ে নিন।

ভাত কিংবা টোস্ট করা ব্রেডের সঙ্গে গরম-গরম পরিবেশন করুন পুষ্টিকর ও সুস্বাদু এই চিকেন স্টু।