☰
✕

বাসচাপায় মোটরসাইকেল চালক নিহত

১৫ নভেম্বর, ২০২৬

 

মামাতো ভাইকে নিতে গিয়ে বাসচাপায় প্রাণ গেল সৌরভ ফালিয়া (২২) নামে এক তরুণের। রবিবার সন্ধ্যা ৭টার দিকে বরিশালের আগৈলঝাড়া উপজেলার জোবারপাড় বড় মগড়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সৌরভ ফালিয়া বরিশালের বানারীপাড়া উপজেলার বিশারকান্দি গ্রামের বাসিন্দা সুধীর ফালিয়ার ছেলে।

নিহতের মামাতো ভাই রথীন ঘরামী জানান, তিনি আগৈলঝাড়া থানার সামনে অবস্থিত শ্রী গুরু মিষ্টান্ন ভান্ডারের কর্মচারী। তাকে নিতে বানারীপাড়া থেকে মোটরসাইকেল নিয়ে রওনা হন সৌরভ। তবে দীর্ঘ সময় পার হলেও সৌরভ না পৌঁছানোয় তার মোবাইল ফোনে কল দেওয়া হয়। পরে পুলিশ ফোনটি রিসিভ করে। খবর পেয়ে হাসপাতালে গিয়ে সৌরভের মরদেহ শনাক্ত করেন তিনি।

আগৈলঝাড়া থানার ওসি মোহাম্মদ মাসুদ খান জানান, কুয়াকাটা থেকে বেনাপোলগামী একটি বাস বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে মোটরসাইকেলসহ চালক বাসের নিচে চলে যান। পরে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি আরও জানান, দুর্ঘটনার পর বাস রেখে চালক পালিয়ে গেছেন। বাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।