☰
✕

কুমিল্লায় নিখোঁজের ৯ দিন পর পরিত্যক্ত খামারে মিলল ব্যবসায়ীর মরদেহ

১৭ নভেম্বর, ২০২৬

কুমিল্লার চৌদ্দগ্রামে নিখোঁজের নয় দিন পর আবদুল জলিল নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে উপজেলার ঘোলপাশা ইউনিয়নের বাবুচি বাজারের পূর্ব পাশে একটি পরিত্যক্ত মুরগির খামার থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আবদুল জলিল বাবুচি শুভপুর গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে বাবুচি বাজারে মুদি পণ্যের ব্যবসা করতেন।

পরিবারের সদস্যরা জানান, গত ৮ নভেম্বর থেকে নিখোঁজ ছিলেন আবদুল জলিল। এরপর স্বজনেরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে এক নারী ওই পরিত্যক্ত মুরগির খামারের পাশ দিয়ে যাওয়ার সময় দুর্গন্ধ পান। পরে সন্দেহ হলে খামারের ভেতরে গিয়ে একটি মরদেহ পড়ে থাকতে দেখেন। বিষয়টি তিনি স্থানীয় লোকজনকে জানান। পরে তাঁদের কাছ থেকে খবর পেয়ে চৌদ্দগ্রাম থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোছাইন বলেন, উদ্ধার করা মরদেহটি ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।