☰
✕

পাটগ্রাম সীমান্তে ভারতীয় নাগরিক আটক

১৭ নভেম্বর, ২০২৬

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত এলাকা থেকে অনুপ্রবেশের অভিযোগে ধনেশ্বর বর্মন (৫৫) নামে সন্দেহজনক এক ভারতীয় নাগরিককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৭ নভেম্বর) পাটগ্রাম ইউনিয়নের ঘোনাবাড়ী কদুরবাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক ধনেশ্বর বর্ম্মন নিজেকে ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার মাথাভাঙা এলাকার বাসিন্দা বলে দাবি করেন।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা যায়, আটক ধনেশ্বর বর্মন সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করে পাটগ্রাম ইউনিয়নের ঘোনাবাড়ী কদুরবাজার এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন। স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হলে পাটগ্রাম থানা পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। তবে অসংলগ্ন কথা বলা ওই ব্যক্তি নিজেকে ভারতীয় দাবি করলেও বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেননি। পুলিশ তার পরিচয় নিশ্চিত করতে জিজ্ঞাসাবাদ করছে।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ধনেশ্বর বর্মন নামে একজনকে আটক করা হয়েছে। তিনি নিজেকে ভারতীয় দাবি করলেও বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। তার অসংলগ্ন কথায় পরিচয় নিশ্চিত হওয়া যাচ্ছে না। পরিচয় নিশ্চিত হলে তারপর আইনি ব্যবস্থা নেওয়া হবে।