☰
✕

রাজশাহীতে জামিন পাওয়ার পর আইনজীবীর ওপর হামলার অভিযোগ

১৫ নভেম্বর, ২০২৬

রাজশাহীতে জমি নিয়ে বিরোধের একটি মামলায় আদালত থেকে জামিন পাওয়ার পর এক আইনজীবীর ওপর হামলার অভিযোগ উঠেছে আসামিদের বিরুদ্ধে। রবিবার দুপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের সামনে এ ঘটনা ঘটে। হামলায় অ্যাডভোকেট ইয়ামিন আলী গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় কয়েকজনকে আটক করে মারধরের পর পুলিশের হাতে তুলে দিয়েছেন উপস্থিত লোকজন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার দুপুরে ইয়ামিন আলীর করা একটি মামলায় হাজির হয়ে জামিন পান অভিযুক্ত ব্যক্তিরা। পরে আদালত ভবন থেকে বের হওয়ার সময় কয়েকজন ব্যক্তি তাঁকে ঘিরে ধরেন। একপর্যায়ে তারা একযোগে ইয়ামিন আলীর ওপর হামলা চালান। মারধরে তাঁর মাথা ফেটে যায়। হামলাকারীদের হাত থেকে বাঁচতে তিনি দৌড়ে পাশের একটি খাবারের দোকানে আশ্রয় নেন।

প্রত্যক্ষদর্শীরা আরও জানান, হামলার পর অভিযুক্ত ব্যক্তিরা পালানোর চেষ্টা করলে উপস্থিত লোকজন তাঁদের কয়েকজনকে ধরে মারধর করেন। পরে তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

আহত আইনজীবী ইয়ামিন আলীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বলেন, জমিজমা নিয়ে প্রতিপক্ষের সঙ্গে তার দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এর জেরে কিছুদিন আগে প্রতিপক্ষের লোকজন তার বাঁ হাত ভেঙে দেন। ওই ঘটনায় তিনি মামলা করেন। রোববার সেই মামলায় অভিযুক্ত ব্যক্তিরা আদালত থেকে জামিন পান। জামিন পাওয়ার পর তারা আদালত চত্বরে অবস্থান নিয়ে তার জন্য অপেক্ষা করছিলেন। আদালত ভবন থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গেই তাঁর ওপর অতর্কিত হামলা চালানো হয়। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন তিনি।

রাজশাহী আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট পারভেজ তৌফিক জাহেদী বলেন, ‘এটি অত্যন্ত ন্যক্কারজনক ঘটনা। এ ধরনের ঘটনা কর্মক্ষেত্রে আইনজীবীদের নিরাপত্তাকে প্রশ্নবিদ্ধ করেছে। আমরা এ ঘটনাকে মোটেও ছোট করে দেখছি না। এ ঘটনায় মামলা করব।’

রাজপাড়া থানার পরিদর্শক (তদন্ত) আবু জাফর বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হামলার শিকার আইনজীবী অভিযোগ করলে এ ঘটনায় মামলা হবে।