১৬ নভেম্বর, ২০২৬
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় সনাতন প্রযুক্তিতে পরিচালিত তিনটি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে চিমনি ও কিলন গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। রবিবার (১৫ নভেম্বর) পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ান-উল-ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এতে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের রিসার্চ অফিসার মো. আশরাফ উদ্দিনসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মো. আশরাফ উদ্দিন জানান, জনস্বার্থে অবৈধ ইটভাটার বিরুদ্ধে দেশব্যাপী অভিযান পরিচালনা করা হচ্ছে। এর অংশ হিসেবে রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের মোহাম্মদপুর এলাকায় অবস্থিত মেসার্স বাংলাদেশ স্ট্যান্ডার্ড ব্রিকস (বিএসবি) এবং ইসলামপুর ইউনিয়নের গলাচিপা এলাকার মেসার্স বাংলাদেশ ন্যাশনাল ব্রিকস (বিএনবি-২) ও মেসার্স বাংলাদেশ ন্যাশনাল ব্রিকস (বিএনবি-৩)-এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।
ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এবং বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০)-এর বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে ইটভাটাগুলোর চিমনি ও কিলন ভেঙে ফেলা হয়।