☰
✕

জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে দেবিদ্বারের ইউপি প্যানেল চেয়ারম্যান বরখাস্ত

১৬ নভেম্বর, ২০২৬

 

জন্মনিবন্ধন সনদ জালিয়াতি, নাগরিকত্ব যাচাইয়ে অবহেলা ও দাপ্তরিক দায়িত্ব পালনে গাফিলতির অভিযোগে কুমিল্লার দেবিদ্বার উপজেলার ৬ নম্বর ফতেহাবাদ ইউনিয়ন পরিষদের (ইউপি) প্যানেল চেয়ারম্যান মো. সালাহ উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের (ইউপি-১ শাখা) সিনিয়র সহকারী সচিব আতিকুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়। গত ১১ নভেম্বর জারি করা প্রজ্ঞাপনটি আজ রোববার (১৫ নভেম্বর) প্রকাশ্যে আসে।

এর আগে একই অভিযোগে গত ৩ সেপ্টেম্বর ওই ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (সচিব) মো. নজরুল ইসলামকেও সাময়িক বরখাস্ত করে মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, তদন্তে তিনটি জন্মনিবন্ধন সনদে উল্লেখ করা স্থায়ী ঠিকানার সত্যতা পাওয়া যায়নি। সনদধারীরা ওই ইউনিয়নের স্থায়ী বাসিন্দা নন। আবেদনকারীদের স্থায়ী ঠিকানা ও নাগরিকত্ব যথাযথভাবে যাচাই না করেই নিবন্ধন সম্পন্ন করা হয়েছে। এ ছাড়া নিবন্ধকের ব্যবহারকারী পরিচিতি ও গোপন নম্বর অন্য ব্যক্তির কাছে সংরক্ষণ করা দাপ্তরিক দায়িত্ব পালনে গুরুতর অবহেলার শামিল।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, এ ধরনের কর্মকাণ্ড আইনবহির্ভূত ও জনস্বার্থের পরিপন্থী। এ কারণে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৩৪(৪)(খ) ও (ঘ) ধারায় অপরাধ সংঘটিত হওয়ায় একই আইনের ৩৪(১) ধারা অনুযায়ী তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে সাময়িক বরখাস্ত হওয়া প্যানেল চেয়ারম্যান মো. সালাহ উদ্দিন বলেন, ‘আমি এমনিতেই পরিষদে যাই না। তবে বরখাস্তের কোনো আদেশ এখনো হাতে পাইনি। এর বেশি কিছু আমার জানা নেই।’

তদন্ত কমিটির প্রধান ও অতিরিক্ত জেলা প্রশাসক আলী রাজিব মাহমুদ মিঠুন বলেন, বরখাস্তের দাপ্তরিক চিঠি তিনি এখনো পাননি। তবে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছেন। তিনি বলেন, ‘তদন্তকালে আমার কাছে ২৩ জনের জন্মনিবন্ধনের তালিকা দেওয়া হয়েছিল। সরেজমিনে যাচাই করে তাঁদের কারও স্থায়ী ঠিকানার সত্যতা পাওয়া যায়নি। এ কারণে প্রতিবেদনে ওই নিবন্ধনগুলো বাতিলের সুপারিশ করা হয়েছে।