☰
✕

লেলাং ভেঙে গোপালঘাটাকে নতুন ইউনিয়ন করার ঘোষণা এমপির

১৬ নভেম্বর, ২০২৬

 

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার লেলাং ইউনিয়ন থেকে গোপালঘাটা গ্রামকে পৃথক করে স্বতন্ত্র ইউনিয়ন গঠনের ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম-২ আসনের সংসদ সদস্য (এমপি) সরোয়ার আলমগীর। 

শনিবার (১৪ নভেম্বর) বিকালে গোপালঘাটা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণ ও ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

এ সময় তিনি সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরেন এবং বিদ্যালয়ের উন্নয়নে পাঁচ লাখ টাকা অনুদান দেওয়ার ঘোষণা দেন।

বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি মো. সাইফুল আলম শাকিলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহীম। উদ্বোধক ছিলেন বারীয়া শফিকুল মুনীর যুব কমিটির চেয়ারম্যান মোহাম্মদ সালাহ উদ্দিন চৌধুরী। স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ ফারুক হোসেন।

শিক্ষক ফজল বারীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন লেলাং ইউনিয়ন বিএনপির সভাপতি ও প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ সরোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মুহাম্মদ নাসির উদ্দিন এবং শিশু রোগ বিশেষজ্ঞ ডা. জয়নাল আবেদীন মুহুরীসহ অন্যরা।

অনুষ্ঠানের শেষ পর্বে কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন অতিথিরা।