☰
✕

নদীতে নেমে নিখোঁজ যুবকের লাশ মিলল একদিন পর

১৬ নভেম্বর, ২০২৬

গাজীপুরের কালীগঞ্জে শীতলক্ষ্যা নদী থেকে ওসমান গনি (৩৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। তিনি মানসিক রোগে ভুগছিলেন। পায়ে শেকল বাঁধা অবস্থায় শনিবার দুপুরে চলন্ত নৌকা থেকে নদীতে নেমে তিনি নিখোঁজ হন। রবিবার (১৫ নভেম্বর) দুপুর একটার দিকে বাশাইর বাজার খেয়াঘাটের কাছ থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার লাশ তোলে।

নিহত ওসমান গনি কালীগঞ্জ উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের ঈশ্বরপুর এলাকার মৃত আব্দুল মতিনের ছেলে।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ওসমান গনি দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। সে কারণে তার পায়ে শেকল পরানো থাকত। শনিবার দুপুরে ওই অবস্থায় নৌকায় থাকা অবস্থা থেকে তিনি নদীর মাঝখানে হঠাৎ পানিতে নেমে যান। এরপর তিনি নিখোঁজ হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ওই দিনই নদীতে তল্লাশি চালায়, কিন্তু তাকে পায়নি। রাতে অন্ধকারের কারণে উদ্ধার কার্যক্রম বন্ধ রাখা হয়। রবিবার আবার তল্লাশি শুরু হলে দুপুরে লাশ পাওয়া যায়।

এদিকে স্থানীয় কয়েকজনের অভিযোগ, ওসমান গনিকে কেউ ধাওয়া করেছিলেন। প্রাণ বাঁচাতে নৌকা দিয়ে পালানোর সময় তিনি নদীতে ঝাঁপ দেন, তাতেই তার মৃত্যু হয়। অবশ্য কারা ধাওয়া করেছিলেন, সে বিষয়ে কিছু জানা যায়নি।

টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দলের লিডার রাসেল মামুন বলেন, লাশ উদ্ধারের পর তা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) শামীম শেখ বলেন, ময়নাতদন্তের জন্য লাশ গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।