☰
✕

আগ্রাবাদের বালুর মাঠে অবৈধ স্থাপনা উচ্ছেদ করল সিডিএ

১৬ নভেম্বর, ২০২৬

চট্টগ্রাম নগরের আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকার বালুর মাঠে অবৈধভাবে গড়ে ওঠা বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। রবিবার বেলা সাড়ে ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।

নগরের প্রথম আবাসিক প্রকল্প আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকার ‘বালুর মাঠ’ হিসেবে পরিচিত ১ দশমিক ৭৩ একর আয়তনের একটি অ্যাপার্টমেন্ট প্লটে এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন সিডিএর স্পেশাল ম্যাজিস্ট্রেট ও যুগ্ম জেলা ও দায়রা জজ হামীমুন তানজীন। এ সময় উপস্থিত ছিলেন সিডিএর তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও ইমারত নির্মাণ কমিটি-২-এর চেয়ারম্যান মো. মনজুর হাসান এবং অথরাইজড অফিসার-২ তানজিব হোসেন।

অভিযানে পে-লোডার ব্যবহার করে মাঠে অবৈধভাবে গড়ে ওঠা গ্যারেজ হিসেবে ব্যবহৃত কয়েকটি শেড, ‘রয়ালস অটো কেয়ার’ নামের একটি গ্যারেজ, ‘ফার্ম ভিলে সুইটস অ্যান্ড বেকারস’, ‘এমিগো স্পোর্টস সেন্টার’ (টার্ফ ও ক্লাব), ‘নিউ রাহি ফার্নিচার মার্ট’, চৌধুরী সুপার শপ এবং ৮ থেকে ১০টি টং দোকান উচ্ছেদ করা হয়।

সিডিএ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে প্লটটির প্রায় এক একর জায়গা অবৈধ দখলে ছিল। সেখানে মাদকের আখড়া গড়ে ওঠার অভিযোগও ছিল। এ নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ তৈরি হয়। বাসিন্দাদের দাবির পরিপ্রেক্ষিতে গত ৭ নভেম্বর সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকা পরিদর্শন করেন। এ সময় স্থানীয় বাসিন্দারা বালুর মাঠে অবৈধ স্থাপনা ও মাদকের আখড়া গড়ে ওঠার বিষয়ে তাঁর কাছে অভিযোগ জানান। পরিদর্শনকালে অবৈধ দখলদারদের স্থাপনা সরিয়ে নিতে তিন দিনের সময় বেঁধে দেন সিডিএ চেয়ারম্যান।

স্থানীয় বাসিন্দারা বলেন, বালুর মাঠ তাঁদের দীর্ঘদিনের খেলার জায়গা। ছোটবেলা থেকে এখানে খেলে অনেকেই বড় হয়েছেন। কিন্তু এখন তাঁদের সন্তানেরা খেলার জন্য মাঠ পাচ্ছে না। মাঠ রক্ষায় এর আগে তাঁরা একাধিকবার প্রতিবাদ ও মানববন্ধন করেছেন। তাঁরা আজকের অভিযানকে স্বাগত জানান।

সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন বলেন, নগরবাসীর প্রতি তাঁর অনুরোধ, কেউ যেন সরকারি জায়গায় অবৈধ স্থাপনা বা অননুমোদিত নির্মাণকাজ না করেন। পাশাপাশি কোনো স্থাপনা বা জায়গা ভাড়া নেওয়ার চুক্তি করার আগে জমির মালিকানা ভালোভাবে যাচাই করে নেওয়া উচিত।

সিডিএর অথরাইজড অফিসার তানজিব হোসেন বলেন, ওই জায়গায় ফ্ল্যাট নির্মাণের জন্য সিডিএর অনুমোদন নেওয়া হয়েছিল। তবে বিদ্যমান স্থাপনাগুলো নিয়ে বিভিন্ন অভিযোগ পাওয়ায় অভিযান চালানো হয়েছে। সিডিএ শর্ত সাপেক্ষে প্লটগুলো বরাদ্দ দিয়েছিল। কিন্তু বরাদ্দের শর্ত না মেনে জায়গা ব্যবহার করায় নোটিশ দিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা সিডিএর অনুমোদিত কোনো নকশা দেখাতে পারেননি। এ কারণে ইমারত নির্মাণ আইনের আওতায় অভিযান চালানো হয়েছে।