☰
✕

বগুড়ায় শিশু ধর্ষণে অভিযুক্তের গ্রেফতার ও বিচার দাবি

১৬ নভেম্বর, ২০২৬

 

বগুড়ায় শিশুকে ধর্ষণে অভিযুক্ত রাহুলের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন এলাকাবাসী। রবিবার (১৫ নভেম্বর) বিকালে শহরের নারুলী এলাকায় সর্বস্তরের সচেতন নাগরিকের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে নেতৃত্ব দেন বগুড়া সিটি করপোরেশনের ২০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রুস্তম আলী। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা মাহবুবুল আলম, ছাত্রদল নেতা তুরাগ, নবীন, সোহান, কফিল উদ্দিন, মো. খোরশেদ আলমসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

সমাবেশে বক্তারা বলেন, একটি শিশুর সঙ্গে এমন নৃশংস ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এ ঘটনায় অভিযুক্ত রাহুলসহ যারা জড়িত, তাদের প্রত্যেককে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে ঘটনার পেছনে অন্য কারও সংশ্লিষ্টতা থাকলে তা তদন্তের মাধ্যমে বের করে আনার দাবি জানান তারা।

এর আগে শনিবার (১৪ নভেম্বর) বিকাল ৪টার দিকে শিশুটি নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে অভিযুক্ত রাহুলের দাদার বাড়ি থেকে শিশুটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। এ ঘটনা জানাজানি হলে রাহুল পালিয়ে যায় বলে অভিযোগ উঠেছে। পরে ক্ষুব্ধ এলাকাবাসী রাহুলের দাদি রহিমা বেগম বেলি (৬৫) ও দাদা লুৎফর রহমান লুদুকে (৭০) আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।

ভুক্তভোগী শিশুর বাবা অভিযোগ করেন, শনিবার বিকেলে মেয়েকে খুঁজে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে রাহুলের দাদার বাড়ি থেকে রক্তাক্ত অবস্থায় মেয়েকে উদ্ধার করা হয়। পরে দ্রুত তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মেয়ের সঙ্গে নৃশংস ঘটনা হয়েছে উল্লেখ করে তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইব্রাহিম আলী বলেন, শনিবার বিকালে মোবাইল ফোনে শিশুকে ধর্ষণের অভিযোগ এবং অভিযুক্তের দাদা-দাদিকে আটকে রাখার খবর পাওয়া যায়। খবর পেয়ে নারুলী পুলিশ ফাঁড়ির ইনচার্জসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়। নিরাপত্তার স্বার্থে ওই দুজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ভুক্তভোগী শিশুর পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।