১৬ নভেম্বর, ২০২৬
নিকাহ্ রেজিস্ট্রারদের অবসর বয়স ৬৭ থেকে বাড়িয়ে ৭৫ বছর করাসহ ১০ দাবি জানিয়েছে মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার (কাজী) সমিতি খুলনা জেলা শাখা।
রোববার দুপুরে সংগঠনের পক্ষ থেকে খুলনা জেলা প্রশাসক হুরে জান্নাতের কাছে স্মারকলিপির মাধ্যমে এ দাবি জানানো হয়।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, বর্তমান সীমিত আয়ের মধ্য দিয়ে জীবনযাপন করা এবং অফিসের ব্যয় নির্বাহ করা অসম্ভব হয়ে পড়েছে। তাই বিধিমালা অনুযায়ী অধিক্ষেত্র অবসরকালীন সময় পর্যন্ত বহাল রাখার পাশাপাশি নোটারি পাবলিকের মাধ্যমে বিবাহ ও তালাক হলফনামা বন্ধ করতে হবে।
স্মারকলিপিতে উল্লেখ করা দাবিগুলো হলো-সর্বশেষ মুসলিম বিবাহ ও তালাক (নিবন্ধন) বিধিমালা, ২০০৯-এর বিধি ১৩ ধারা মোতাবেক কর্মরত নিকাহ্ রেজিস্ট্রারদের বর্তমান অধিক্ষেত্র অবসরকালীন সময় পর্যন্ত বহাল রাখা, নিকাহ্ রেজিস্ট্রারদের অবসরকালীন নির্দিষ্ট কোনো ভাতা না থাকায় অবসরের বয়স বর্তমান ৬৭ বছর থেকে বাড়িয়ে ৭৫ বছর করা, বাবার অবসরের পর তার সন্তান তথা পুত্রকে অগ্রাধিকারের ভিত্তিতে সরাসরি নিয়োগ প্রদান, বিবাহের ক্ষেত্রে বরের বয়স ১৮ বছর এবং কনের বয়স ১৬ বছর নির্ধারণ করা, নিকাহ্ রেজিস্ট্রারদের ক্ষেত্রে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অহেতুক হয়রানিমূলক কার্যক্রম বন্ধ করা, নিকাহ্ রেজিস্ট্রারদের নিজ খরচে অফিস পরিচালনার জন্য অফিস সহকারী রাখার অনুমতি প্রদান, বিবাহের রেজিস্ট্রেশন ফি প্রতি হাজারে ১৪ টাকার পরিবর্তে ২০ টাকা (৫ লাখ টাকা পর্যন্ত) এবং পরবর্তী প্রতি লাখে ১০০ টাকার পরিবর্তে ৩০০ টাকা করা, তালাক রেজিস্ট্রেশন ফি ১ হাজার টাকার পরিবর্তে ২ হাজার টাকা করা, বিবাহের নকল বাবদ ফি ৫০ টাকার পরিবর্তে ৫শ’ টাকা করা, কমিশন ফি ১ হাজার টাকা করা, বাল্যবিবাহ বন্ধ করতে নোটারি পাবলিকের মাধ্যমে বিবাহ সম্পাদন বন্ধ করা, বিবাহের ব্যাপারে নোটারি পাবলিকের হলফনামা সম্পূর্ণ বন্ধ করার জন্য পুনরায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্টে লিপিবদ্ধ নাম ও ঠিকানা মোতাবেক অনলাইনে বিবাহ ও তালাক নামা সংশোধনের বিধান করা।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মো. সাইফুল হাসান, নির্বাহী সভাপতি এ, এইচ, এম, জিনাত আলী, সাধারণ সম্পাদক মো. হাবিবুল্লাহ, কাজী জাকারিয়া আকন্দ, কাজী মুহাম্মদ আব্দুল গফুর, কাজী সাদিকুল ইসলাম, কাজী দ্বীন মুহাম্মদ, কাজী আব্দুল কাদির, কাজী কবির হোসেন প্রমুখ।