১৬ নভেম্বর, ২০২৬
সাতক্ষীরা জেলায় ‘শৃঙ্খলা, নিরাপত্তা ও প্রগতি’ শীর্ষক শ্লোগানকে সামনে রেখে মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং, সাইবার বুলিং ও বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার বেলা ১১টায় সদর উপজেলার আলিপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে সাতক্ষীরা সদর থানার আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারান চন্দ্র সরকারের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরার পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলামের সঞ্চালনায় এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য সচিব ও জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আলহাজ মো. আব্দুর রউফ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শাহীনুর চৌধুরী প্রমুখ।
সমাবেশে মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং, সাইবার বুলিং ও বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে শিক্ষার্থীদের শপথবাক্য পাঠ করানো হয়।
এ সময় জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।