১৬ নভেম্বর, ২০২৬
বাংলাদেশ কৃষি ব্যাংকের কুমিল্লা বিভাগের বিভাগীয় সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। এতে ২০২৫-২৬ অর্থবছরের অর্জন পর্যালোচনা এবং ২০২৬-২৭ অর্থবছরের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা শতভাগ অর্জনের বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়েছে।
শনিবার কুমিল্লার কোটবাড়ি রোডের ধনপুরে ব্যুরো বাংলাদেশ মানবসম্পদ উন্নয়ন কেন্দ্রে (সিএইচআরডি) এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ কৃষি ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ নূরুল আমিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
বক্তব্যে তিনি কৃষি ঋণ প্রতিটি কৃষকের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি ঋণ বিতরণ, ঋণ আদায় ও আমানত সংগ্রহের লক্ষ্যমাত্রা শতভাগ অর্জনের মাধ্যমে প্রতিটি শাখাকে লাভজনক হিসেবে গড়ে তোলার নির্দেশনা দেন।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিনতে আলী ও উপব্যবস্থাপনা পরিচালক মো. আ. রহিম।
কুমিল্লা বিভাগের মহাব্যবস্থাপক মো. ফাতেহ খানের সভাপতিত্বে সম্মেলনে চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা (উত্তর) মুখ্য অঞ্চলের পাশাপাশি কুমিল্লা (দক্ষিণ) অঞ্চলের শাখা ব্যবস্থাপক ও মাঠকর্মীরা অংশ নেন। এ ছাড়া বিভাগীয় নিরীক্ষা কর্মকর্তা প্রবীর কুমার দাস, সংশ্লিষ্ট মুখ্য আঞ্চলিক ও আঞ্চলিক ব্যবস্থাপক এবং আঞ্চলিক নিরীক্ষা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।