১৬ নভেম্বর, ২০২৬
খুলনার কয়রায় অপহরণের আট মাস পর দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। রোববার দিবাগত রাতে বাগেরহাটের শরণখোলা উপজেলার খোন্তাকাটা গ্রামের একটি বাড়ি থেকে তাকে উদ্ধার করা হয়। এ ঘটনায় অপহরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার সকাল ১১টায় প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল আলম।
তিনি জানান, গত ১৫ মার্চ উপজেলার মাদারবাড়িয়া গ্রাম থেকে জাকারিয়া মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রীকে (১৬) অপহরণ করা হয়। এ ঘটনায় তার মা ২৫ মার্চ কয়রা থানায় মামলা করেন। এরপর থেকে ভুক্তভোগীকে উদ্ধার ও জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালিয়ে আসছিল পুলিশ। তবে অভিযুক্তরা বারবার মোবাইল নম্বর ও অবস্থান পরিবর্তন করায় তাদের শনাক্ত ও গ্রেপ্তারে সময় লাগে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে খুলনা নগরের সোনাডাঙ্গা থানার গল্লামারী এলাকা থেকে মামলার এক আসামিকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে শরণখোলা উপজেলার খোন্তাকাটা গ্রামে অভিযান চালিয়ে স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়। এ সময় অপহরণের অভিযোগে রুবেল গাজী ও তার মাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কয়রার মাদারবাড়িয়া গ্রামের সামাদ গাজীর ছেলে মো. রুবেল গাজী (২৮), তার মা আছিয়া খাতুন (৪৮) ও ভাই ইউছুপ গাজী (২৪)।
অভিযানের নেতৃত্ব দেন মামলার তদন্তকারী কর্মকর্তা কয়রা থানার উপপরিদর্শক (এসআই) বিজন কুমার মণ্ডল। তিনি জানান, ইউছুপ গাজীকে গ্রেপ্তারের পর তার দেওয়া তথ্য অনুযায়ী বাগেরহাটের শরণখোলায় তাদের এক আত্মীয়ের বাড়ি থেকে স্কুলছাত্রীকে উদ্ধার এবং রুবেল গাজী ও তার মাকে গ্রেপ্তার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।