১৬ নভেম্বর, ২০২৬
কবুতর চুরির অভিযোগে এক ব্যক্তিকে ধরে গণপিটুনির ঘটনায় নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মো. সোহেল (৪৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর সোমবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
রবিবার দিবাগত রাতে উপজেলার সাদিপুর ইউনিয়নের ভারগাঁও নন্দীপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সোহেল বরিশাল জেলার বাসিন্দা। তিনি সোনারগাঁয়ের ভারগাঁও বেড়িবাঁধ এলাকায় একটি বাসায় ভাড়া থাকতেন।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, রবিবার রাতে ভারগাঁও নন্দীপুর এলাকার মো. আলীর বাড়িতে কবুতর চুরির চেষ্টা করছেন-এমন অভিযোগে সোহেলকে আটক করা হয়। বাড়ির মালিক বিষয়টি টের পেয়ে চিৎকার করলে আশপাশের লোকজন ঘটনাস্থলে জড়ো হন। পরে সোহেলকে আটককরে স্থানীয়রা নন্দীপুর নতুন মসজিদ এলাকার দিকে নিয়ে যান। সেখানে তাকে মারধর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে তিনি গুরুতর আহত হন।
স্থানীয় কয়েকজন তাকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। পরে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল মর্গে পাঠানো হয়।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। গণপিটুনির ঘটনায় কারা জড়িত ছিলেন, তাদের শনাক্তের চেষ্টা
চলছে।