☰
✕

বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর গুম বা বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটেনি: তথ্য প্রতিমন্ত্রী

১৬ নভেম্বর, ২০২৬

 

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর গত আট-নয় মাসে দেশে কোনো গুম কিংবা বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেন, বর্তমান সরকার বাক্‌স্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। সরকারের ইতিবাচক পরিবর্তনগুলোও গণমাধ্যমে তুলে ধরতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান তিনি।

আজ সোমবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে অনলাইন এডিটরস ফোরামের নির্বাহী কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন প্রতিমন্ত্রী। সভায় তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমানও বক্তব্য দেন।

ইয়াসের খান চৌধুরী বলেন, বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী। কোনো সংবাদ প্রকাশ বা বর্জনের জন্য সরকার কিংবা সরকারের কোনো সংস্থা গণমাধ্যমের ওপর চাপ প্রয়োগ করে না। সাংবাদিকরা স্বাধীনভাবে ও খোলামনে সংবাদ পরিবেশন করবেন। তবে সংবাদ হতে হবে বাস্তবভিত্তিক ও দায়িত্বশীল।

তিনি বলেন, আমরা গণতন্ত্রে বিশ্বাসী। জনগণের ভোটাধিকার নিশ্চিত করা এবং তা সমুন্নত রাখার জন্য সরকার কাজ করছে। এ ক্ষেত্রে গণমাধ্যমের দায়িত্ব ও অবদান অপরিসীম। জুলাইয়ের ছাত্র-জনতার আন্দোলনে গণমাধ্যম যে ভূমিকা রেখেছে, তা অব্যাহত রাখতে হবে। গণতন্ত্র ও ভোটাধিকার সমুন্নত রাখতে সরকার গণমাধ্যমের সহযোগিতা প্রত্যাশা করে।

প্রতিমন্ত্রী বলেন, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণের পর থেকেই সরকার অনলাইন, প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যম সংগঠনের সঙ্গে ধারাবাহিকভাবে মতবিনিময় করছে। গণমাধ্যমের প্রতিনিধিদের কথা শোনা, তাদের সমস্যা ও দাবি-দাওয়া জানা এবং সেগুলো পর্যালোচনার মাধ্যমে সমাধানের উদ্যোগ নেওয়াই এসব সভার উদ্দেশ্য।

তিনি বলেন, ‘আমরা আপনাদের কথা শোনার জন্যই আজ আমন্ত্রণ জানিয়েছি। আপনাদের দাবি-দাওয়াগুলো আমরা লিপিবদ্ধ করেছি। আমরা আপনাদের সঙ্গে একসঙ্গে কাজ করতে চাই।’

১২ মে ২০২৫ তারিখে প্রকাশিত সরকারি প্রজ্ঞাপনের প্রসঙ্গ তুলে প্রতিমন্ত্রী বলেন, ওই প্রজ্ঞাপনে বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। প্রজ্ঞাপনের বিষয়বস্তু ও বিধিনিষেধের প্রতি গণমাধ্যমকে দায়িত্বশীল থাকার আহ্বান জানান তিনি।

দেশের স্থিতিশীলতা বিনষ্ট কিংবা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে—এমন সংবাদ প্রকাশের ক্ষেত্রে গণমাধ্যমকে বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেন প্রতিমন্ত্রী। বিশেষ করে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রম, প্রচার-প্রচারণা ও সংশ্লিষ্ট বিষয়গুলো সংবাদ পরিবেশনের ক্ষেত্রে বিদ্যমান আইন ও সরকারি প্রজ্ঞাপন বিবেচনায় রাখার কথা বলেন তিনি।

অনলাইন সংবাদমাধ্যমে দ্রুত সংবাদ প্রকাশের প্রবণতা নিয়েও সতর্ক করেন ইয়াসের খান চৌধুরী। তিনি বলেন, অনেক সময় বিদেশের কোনো ঘটনা নিয়ে এমন শিরোনাম দেওয়া হয়, যেখানে ঘটনার স্থান বা দেশের নাম স্পষ্ট থাকে না। ফলে পাঠক বিভ্রান্ত হন এবং বাংলাদেশে কোনো ঘটনা ঘটেছে বলে আতঙ্কিত হতে পারেন। এ ধরনের পরিস্থিতি এড়াতে শিরোনাম ও সংবাদ পরিবেশনে যথাযথ প্রেক্ষাপট উল্লেখ করতে হবে।

বিগত ১৭ বছরে গণমাধ্যমের ওপর নিয়ন্ত্রণ, সংবাদমাধ্যম ও গণমাধ্যম প্রতিষ্ঠান বন্ধ, সাংবাদিকদের হয়রানি, গুম ও হত্যার মতো ঘটনা গণমাধ্যমকর্মীদের মধ্যে ভীতি তৈরি করেছিল উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে সময় প্রয়োজন। তবে বর্তমান সরকার গণমাধ্যমের ওপর কোনো ধরনের নিয়ন্ত্রণ বা চাপ প্রয়োগের নীতিতে বিশ্বাস করে না।

তিনি বলেন, ‘আপনারা খোলামনে লিখবেন, তবে যা বাস্তব, তা-ই লিখবেন। সরকারের ভুল-ত্রুটি থাকলে তা তুলে ধরবেন। এতে কোনো বাধা নেই। একইভাবে দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণে সরকারের যেসব উদ্যোগ রয়েছে, সেগুলোও তুলে ধরবেন।’

অনলাইন সংবাদমাধ্যমের নিবন্ধন ও স্বীকৃতির বিষয়ে প্রতিমন্ত্রী জানান, অনলাইন পোর্টালগুলোর নিবন্ধন এবং তাদের স্বীকৃতি ও সুযোগ-সুবিধার বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। এ বিষয়ে কয়েক সপ্তাহ ধরে পর্যালোচনা চলছে। অনলাইন সংবাদমাধ্যমগুলোকে কীভাবে নিবন্ধনের আওতায় আনা যায়, সে বিষয়ে একটি কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি বলেন, যাচাই-বাছাইয়ের মাধ্যমে এ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। তবে বিষয়টি রাতারাতি বাস্তবায়ন সম্ভব নয়। এ ক্ষেত্রে বাজেট ও জনস্বার্থের বিষয়গুলো বিবেচনায় নিতে হবে। তথ্য ও সম্প্রচারমন্ত্রীর সঙ্গেও এ বিষয়ে আলোচনা হয়েছে এবং ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণের চেষ্টা চলছে।

সভায় অনলাইন এডিটরস ফোরামের নেতৃবৃন্দ নিবন্ধিত অনলাইন গণমাধ্যমে সরকারি বিজ্ঞাপন প্রদান, অনলাইন সংবাদমাধ্যমের ঠিকানা পরিবর্তনের প্রক্রিয়া সহজ করা এবং ফেসবুক থেকে অর্জিত আয়ের অংশ পাওয়াসহ বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরেন। এ সময় তারা একটি লিখিত প্রস্তাবনা হস্তান্তর করেন।

সভায় অনলাইন এডিটরস ফোরামের আহ্বায়ক ও রাজনীতি.কমের সম্পাদক শরিফুজ্জামান পিন্টু, সদস্য সচিব ও ঢাকা স্ট্রিমের সম্পাদক গোলাম ইফতেখার মাহমুদ, প্রধান পৃষ্ঠপোষক ও সোনালী নিউজের প্রকাশক মোহাম্মদ ইউনূছ এবং সদস্য ঢাকা মেইলের নির্বাহী সম্পাদক হারুণ জামিল, খবরের সংযোগের সম্পাদক নজরুল ইসলাম, দেশ সমাচারের সম্পাদক শাহাদাত হোসেন, রাইজিং বিডির নির্বাহী সম্পাদক তাপস রায় ও জাগো নিউজের সম্পাদক কে এম জিয়াউল হক বক্তব্য রাখেন।