☰
✕

নামাজ না পড়ায় নাতিজামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ বৃদ্ধের

১৬ নভেম্বর, ২০২৬

 

নামাজ পড়ার পরামর্শ দেওয়ায় লাঠি ভেঙে ফেলার অভিযোগে নাতিজামাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন এক বৃদ্ধ নানা শ্বশুর। সোমবার (১৬ নভেম্বর) দুপুর পৌনে ১টার দিকে বরগুনা সদর থানায় এ অভিযোগ করেন মাওলানা সোহরাব হোসেন।

অভিযুক্ত নাতিজামাইয়ের নাম মো. রব্বানী গাজী। তিনি বরগুনা সদর উপজেলার পনু গাজীর ছেলে।

অভিযোগ সূত্রে জানা যায়, মাওলানা সোহরাব হোসেন বরগুনা সদর থানার লাকুরতলা সোনালীপাড়া এলাকার বাসিন্দা। তাঁর বাড়ির পাশেই বসবাস করেন নাতিজামাই রব্বানী গাজী। গত ১২ নভেম্বর দুপুর ১২টার দিকে ধর্মের প্রতি শ্রদ্ধা রেখে রব্বানীকে নামাজ পড়ার পরামর্শ দেন তিনি। এতে ক্ষিপ্ত হয়ে রব্বানী তাঁর হাতের লাঠি কেড়ে নিয়ে ভেঙে ফেলেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, বার্ধক্যের কারণে সোহরাব হোসেনের হাঁটাচলায় এমনিতেই কষ্ট হয়। এ ঘটনার পর তিনি শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন। অভিযুক্ত ব্যক্তি যেকোনো সময় তাঁর বড় ধরনের ক্ষতি করতে পারেন বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। এ ছাড়া পথে-ঘাটে গালমন্দ ও অকথ্য ভাষায় কথা বলার কারণে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগ করেছেন ওই বৃদ্ধ।

এ ঘটনায় আইনি সহায়তা চেয়ে বরগুনা সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন মাওলানা সোহরাব হোসেন। ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহাদাত মোহাম্মদ হাসনাইন পারভেজ বলেন, ভুক্তভোগী মাওলানা সোহরাব হোসেন থানায় এসে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।