☰
✕

বান্দরবান সীমান্তে সন্দেহভাজন ৮ বাংলাদেশি আটক

১৬ নভেম্বর, ২০২৬

 

বান্দরবানের দুর্গম পাহাড়ি এলাকায় বাংলাদেশ, ভারত ও মিয়ানমারের ত্রিদেশীয় সীমান্তসংলগ্ন স্থান থেকে সন্দেহভাজন আট বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রবিবার রাত ১১টার দিকে রুমা ব্যাটালিয়নের (৯ বিজিবি) অধীন দোপানীছড়া বিওপির একটি বিশেষ টহলদল ত্রিদেশীয় সীমান্ত পিলার-২৩৬৪ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।

সোমবার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানায় বিজিবি।

বিজিবি সূত্রে জানা যায়, আটক ব্যক্তিরা সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় ১৫ গজ বাংলাদেশের অভ্যন্তরে অবস্থান করছিলেন। এ সময় তাদের কাছ থেকে খাদ্যসামগ্রী, রান্নার সরঞ্জাম, ছুরি, দা, চাপাতি ও তাঁবুসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিরা হলেন-ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বারইহুদা গ্রামের মো. আব্দুল আহাদ (২২), বরগুনা সদরের নারুলি পশ্চিমপাড়া গ্রামের মো. হাসান সিহাব (২৮), ঢাকার ভাটারা থানার খিলক্ষেত এলাকার মো. নাহিদ হাসান আশিক (৩৩), চকবাজার থানার পোস্তগোলা এলাকার এস ইসলাম সোহেল (৩৮), ভোলার চরফ্যাশন উপজেলার জিন্নাগড় গ্রামের মো. হোসেন শরিফ (২৯), চট্টগ্রামের উত্তর পতেঙ্গা এলাকার মো. মিনহাজুর রহমান সানি (২৬) এবং বান্দরবানের বাসিন্দা বলে পরিচয় দেওয়া লংরাও মুরং (২৫) ও ডনরয় মুরং (৩০)। তবে শেষ দু’জনের পরিচয় যাচাই করা হচ্ছে।

প্রেস ব্রিফিংয়ে রুমা ব্যাটালিয়নের (৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হাসান শাহরিয়ারসহ ব্যাটালিয়নের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজিবি জানায়, বৈধ পাসপোর্ট বা ভ্রমণসংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া সীমান্তের এত কাছাকাছি অবস্থান করায় সন্দেহের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে। এ ঘটনায় বিস্তারিত তদন্ত ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আটক ব্যক্তিদের পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

দেশের সার্বভৌমত্ব ও সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে বলেও জানায় বিজিবি।