☰
✕

নাটোরে মাইক্রোবাসে এসে ফাঁকা গুলি, আটক ১

১৬ নভেম্বর, ২০২৬

নাটোর শহরতলির দত্তপাড়া বাজার এলাকায় একটি সাদা মাইক্রোবাসে এসে স্লোগান দিয়ে ফাঁকা গুলি ছোড়ার ঘটনা ঘটেছে। রবিবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। এলাকায় আতঙ্ক সৃষ্টি করতে এ ঘটনা ঘটানো হয়ে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে রাতেই আবু হানিফ ভুঁইয়া (৪৮) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

আটক আবু হানিফ ভুঁইয়া নাটোর সদর উপজেলার লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ইউনিয়নের কাঠালবাড়িয়া গ্রামের হোসেন ভুঁইয়ার ছেলে।

দত্তপাড়ার বাসিন্দা ও জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক প্রচার সম্পাদক জুয়েল রানা জানান, রোববার রাত সাড়ে ১০টার পর শহরের দিক থেকে একটি সাদা মাইক্রোবাস বাজারের দিকে আসে। মাইক্রোবাসটি বাজারে থেমে কয়েকজনকে নামিয়ে দিয়ে সামনের সেতুর দিকে চলে যায়। মাইক্রোবাস থেকে নামা ব্যক্তিরা একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে স্লোগান দেন। এরপর ফাঁকা গুলি ছুড়তে ছুড়তে তারাও সেতুর দিকে চলে যান। পরে সেতুর ওপর অপেক্ষমাণ মাইক্রোবাসে উঠে ঢাকার দিকে চলে যান তারা। এ সময় আনুমানিক ২০ থেকে ২৫ রাউন্ড গুলি ছোড়া হয় বলে দাবি করেন তিনি।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্বৃত্তরা ১৫ থেকে ২০ রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে বলে জানতে পেরেছি। ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।

নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম বলেন, দত্তপাড়া বাজার এলাকায় মাইক্রোবাসে এসে দুর্বৃত্তরা ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে গেছে। সাদা মাইক্রোবাসটি শনাক্ত করতে পুলিশ কাজ শুরু করেছে।