১৭ নভেম্বর, ২০২৬
গতকাল সোমবার, সকাল ১০টা। মিরপুর-১ নম্বর সেকশনের শাহ আলী শপিং কমপ্লেক্সের পেছনে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারের সামনে গিয়ে দেখা গেল, চিকিৎসা নিতে আসা নারী ও শিশুদের বেশ ভিড়। কেউ বহির্বিভাগে চিকিৎসকের অপেক্ষায়, কেউ এসেছেন নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও পরামর্শ নিতে। রোগীদের বসার জন্য তৈরি শেডের চেয়ারগুলোতেও অপেক্ষমান মানুষের উপস্থিতি। কয়েক সপ্তাহ আগেও যেখানে ছিল ধ্বংসস্তূপ, সেখানে এখন আবার চলছে স্বাভাবিক চিকিৎসাসেবা। সেই রাতের ভয়াবহ হামলার ক্ষত অনেকটাই মুছে নতুন করে ঘুরে দাঁড়িয়েছে মা ও শিশুস্বাস্থ্যসেবা কেন্দ্রটি। গত ১০ নভেম্বর থেকে আগের মতো পূর্ণোদ্যমে চিকিৎসাসেবা শুরু হয়েছে এখানে।
গত ২৫ সেপ্টেম্বর রাতে এলাকার চিহ্নিত দুর্বৃত্তদের হামলা, লুটপাট ও ভাঙচুরের শিকার হয় দীর্ঘদিন ধরে স্বল্প আয়ের মানুষের চিকিৎসাসেবা দিয়ে আসা এই প্রতিষ্ঠানটি। একদল লোক ভেকু দিয়ে ভবনের বিভিন্ন কক্ষ গুঁড়িয়ে দেয়। লুট করা হয় চিকিৎসা সরঞ্জাম, ওষুধ, টিকাসামগ্রীসহ মূল্যবান মালামাল। প্রকাশ্যে এমন ধ্বংসযজ্ঞের ভিডিও ছড়িয়ে পড়লে দেশ জুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। ঘটনার পর শাহ আলী থানার তত্কালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলমকে প্রত্যাহার করা হয়। এ ঘটনায় দায়ের করা মামলায় এ পর্যন্ত ২৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে হামলার পরিকল্পনা ও নেতৃত্বে থাকার অভিযোগে আলোচনায় আসা কয়েক জন এখনো গ্রেপ্তার হয়নি।
সরেজমিনে দেখা যায়, হামলায় ক্ষতিগ্রস্ত ভবনের কক্ষগুলো সংস্কার করা হয়েছে। ভেঙে ফেলা ছাদ নতুন করে নির্মাণ, দেওয়াল মেরামত ও রং করার কাজ শেষ হয়েছে। পেছনের সীমানাপ্রাচীরও তৈরি করা হয়েছে। রোগী ও দর্শনার্থীদের বসার জন্য শেডটি মেরামত করা হয়েছে। চেয়ার-টেবিলসহ প্রয়োজনীয় আসবাবপত্রও নতুন করে সরবরাহ করা হয়েছে। চিকিৎসক, নার্স ও প্যারামেডিকদের উপস্থিতিতে চলছে বহির্বিভাগের সেবা।
কেন্দ্রটির ডেপুটি ক্লিনিক ইনচার্জ নূর মোহাম্মদ খান জানান, গত ১০ নভেম্বর থেকে তারা আগের মতো পূর্ণোদ্যমে চিকিৎসাসেবা চালু করেছেন। হামলার আগে প্রতিদিন এখানে ৩০০ থেকে ৩৫০ জন রোগী চিকিৎসা নিতেন। এখন আবার সেই পরিমাণ রোগীকে সেবা দেওয়ার প্রস্তুতি ও কার্যক্রম চলছে। তিনি বলেন, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের ব্যক্তিগত উদ্যোগ ও সহযোগিতায় কেন্দ্রটির পুনর্নির্মাণ করা হয়েছে। ক্ষতিগ্রস্ত কক্ষ, ছাদ, সীমানাপ্রাচীর ও রোগীদের বসার জায়গা মেরামত করা হয়েছে। প্রয়োজনীয় আসবাবপত্র রাড্ডার নিজস্ব উদ্যোগে সরবরাহ করা হয়েছে।
তবে অবকাঠামো ও চিকিৎসাসেবা চালু হলেও কিছু গুরুত্বপূর্ণ যন্ত্রপাতির সংকট এখনো কাটেনি। কেন্দ্রটির ল্যাবের মাইক্রোস্কোপ, রক্ত পরীক্ষার যন্ত্রপাতি, এমআরআই ও এক্স-রে মেশিন এখনো স্থাপন করা সম্ভব হয়নি। ফলে এখানে সংগৃহীত নমুনা পরীক্ষার জন্য মিরপুর-১০ নম্বরের রাড্ডা মেডিক্যাল সেন্টারের সহযোগিতা নেওয়া হচ্ছে। বিষয়টি প্রতিষ্ঠানটির কেন্দ্রীয় মনিটরিং সেল দেখভাল করছে।
চিকিৎসা নিতে আসা গর্ভবতী খাদিজা বেগম বলেন, প্রতি মাসে নিয়মিত চেকআপের জন্য তাকে এই কেন্দ্রে আসতে হয়। ভাঙচুরের পর অক্টোবর মাসেও তিনি এখানে এসেছিলেন। তখনকার পরিস্থিতির সঙ্গে এবারের চিত্রের অনেক পার্থক্য। এ মাসে এসে কেন্দ্রটির আগের মতো সাজানো গোছানো অবস্থা দেখে তিনি খুশি।
কেন্দ্রটিতে বর্তমানে চিকিৎসক, প্যারামেডিক, নার্সসহ মোট ২৫ জন কর্মী কাজ করছেন। এর মধ্যে রয়েছেন দুই জন চিকিৎসক ও আট জন প্যারামেডিক। প্যারামেডিক বিউটি বেগম বলেন, তারা আগের মতোই চিকিৎসাসেবা চালিয়ে যাচ্ছেন। এখন আর সেবা কার্যক্রম পরিচালনায় আগের মতো সমস্যা নেই। কেন্দ্রটির পরিচ্ছন্নতাকর্মী হবি হাওলাদার বলেন, আগের তুলনায় এখন কেন্দ্রটি আরো সুন্দর ও পরিষ্কার-পরিচ্ছন্ন হয়েছে।
রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারের নির্বাহী পরিচালক ডা. নাসরিন আক্তার বলেন, প্রশাসনের পক্ষ থেকে, বিশেষ করে প্রধানমন্ত্রীর দেওয়া আশ্বাস ও সহযোগিতার কারণে তারা প্রতিষ্ঠানটিকে আগের অবস্থায় ফিরিয়ে নিতে পেরেছেন। ঘটনার পর যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক একাধিকবার খোঁজখবর নিয়েছেন। এরপর থেকে আর কোনো হুমকি বা ভয়ভীতি প্রদর্শনের ঘটনা ঘটেনি। তিনি বলেন, সম্প্র্রতি রাড্ডার একটি প্রতিনিধিদল ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলামের সঙ্গে সাক্ষাত্ করেছে। সেখানে কেন্দ্রটির সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আশ্বাস দেওয়া হয়েছে। তারা চান, তদন্ত দ্রুত শেষ করে প্রকৃত জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক।
আলোচিত অভিযুক্তরা ধরাছোঁয়ার বাইরে :রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক ডা. নাসরিন আক্তার বাদী হয়ে ২৬ সেপ্টেম্বর শাহ আলী থানায় মামলা করেন। মামলায় মোহাম্মদ হানিফ মিয়ার নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ২০০ থেকে ২৫০ জনকে আসামি করা হয়। পরে মামলাটি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) মিরপুর বিভাগে হস্তান্তর করা হয়।
মামলার তদন্তসংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, এ ঘটনায় ২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মী, সমমনা দোকানদার সমবায় সমিতির সঙ্গে যুক্ত ব্যক্তি এবং ভাঙচুরে অংশ নেওয়া শ্রমিক রয়েছেন। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে তিন জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন।
তদন্তসংশ্লিষ্ট সূত্র আরো জানায়, হামলার পরিকল্পনা, মাঠপর্যায়ে নেতৃত্ব ও বাস্তবায়নে জড়িত সন্দেহে প্রায় ৪০ জনের একটি তালিকা করেছে ডিবি। আলোচিত অভিযুক্তদের মধ্যে স্থানীয় বিএনপি নেতা মোহাম্মদ হানিফ মিয়া ও ছাত্রদলের সাবেক নেতা আবুল কালাম আজাদ ওরফে লেলিনের নাম এসেছে। এছাড়া, ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক সদস্যসচিব মোস্তফা জগলুল পাশা পাপেলের বিরুদ্ধেও হামলার সময় ঘটনাস্থলের আশপাশে থেকে নির্দেশনা দেওয়ার অভিযোগ উঠেছে। তবে এসব অভিযোগ তদন্তাধীন। তাদের মধ্যে কয়েক জন এখনো গ্রেপ্তার হননি।
মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক মো. মনির হোসেন বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের সঙ্গে হানিফ মিয়ার বক্তব্য মিলিয়ে দেখা প্রয়োজন। তাকে গ্রেপ্তার করতে না পারায় হামলার পরিকল্পনা ও সমন্বয়ের বিষয়টি তদন্তে পুরোপুরি পরিষ্কার করা যাচ্ছে না।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার মোহাম্মদ রাকিব খান জানিয়েছেন, অভিযোগে থাকা ব্যক্তিদের বিষয়ে তদন্ত চলছে এবং রাজনৈতিক বিবেচনায় কাউকে সুবিধা দেওয়া হচ্ছে না।