১৭ নভেম্বর, ২০২৬
চট্টগ্রামের বোয়ালখালীতে ছুরি ধরে মো. আসিফ নামে এক মোবাইল ব্যাংকিং এজেন্ট ব্যবসায়ীর ২ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এসময় তাকে মারধরও করা হয়।
পরে ছিনতাইকারীরা মোটরসাইকেলে করে পালিয়ে যায়।
সোমবার (১৬ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের শান্তি বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
ছিনতাইয়ের শিকার আসিফ উপজেলার পোপাদিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সোবহান চৌধুরীর বাড়ির মোহাম্মদ আশরাফের ছেলে। খরণদ্বীপ স্কুল এলাকায় তার মোবাইল ব্যাংকিং এজেন্টের দোকান রয়েছে।
আসিফ জানান, শ্রীপুর বুড়া মসজিদ থেকে গাড়ি না পেয়ে হেঁটে নানার বাড়িতে যাচ্ছিলেন তিনি। শান্তি বাজার পার হওয়ার পর মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে থাকা দুই যুবক তার পথরোধ করেন। একপর্যায়ে তারা ছুরি ঠেকিয়ে পকেটে থাকা টাকা ছিনিয়ে নেন। বাধা দিলে তাকে মারধর করে মোটরসাইকেলে করে পালিয়ে যান।
তাদের মুখ মাফলার দিয়ে ঢাকা ছিল।
আসিফ আরো বলেন, চার-পাঁচ মাস আগে নতুন দোকান দিয়ে বিকাশের ব্যবসা শুরু করেছেন তিনি। ছিনতাইয়ের শিকার হওয়া টাকা ছিল সারা দিনের লেনদেনের অর্থ। পুরো টাকাই পকেটে ছিল।
শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হাসান চৌধুরী বলেন, বিষয়টি জানার সঙ্গে সঙ্গেই থানা-পুলিশকে অবহিত করা হয়েছে।
বখাটে ও মাদকসেবী যুবকেরা এ ঘটনায় জড়িত থাকতে পারে বলে ধারণা করছেন তিনি।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফফর হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।