১৭ নভেম্বর, ২০২৬
জলবায়ু সংকট মোকাবিলার দাবিতে জেলার দশমিনায় ‘আইল থেকে আন্তলিয়া’ স্লোগানে এক র্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
জলবায়ু সংকট মোকাবিলা, ক্ষতিগ্রস্ত কৃষক ও উপকূলীয় জনগোষ্ঠীর ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিত এবং আন্তর্জাতিক জলবায়ু আলোচনায় কৃষকের অধিকার প্রতিষ্ঠার দাবিতে এ র্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন এলাকার কৃষক,কিষাণী,ভূমিহীন মানুষ ও মানবাধিকারকর্মীরা অংশ নেন।
সোমবার বেলা ১১টায় প্রথমে তারা দশমিনা সদর ইউনিয়ন পরিষদের সামনে সমবেত হন। পরে একটি র্যালি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়। সেখানে অংশগ্রহণকারীরা মানববন্ধন কর্মসূচি পালন করেন।
বাংলাদেশ কৃষক ফেডারেশনের কেন্দ্রীয় নেতা ও দশমিনা উপজেলা শাখার সভাপতি মো. নয়া মিয়া শিকদারের সভাপতিত্বে এবং পটুয়াখালী জেলা শাখার সাধারণ সম্পাদক মো. কায়েস মাহমুদের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন বাংলাদেশ কিষাণী সভার কেন্দ্রীয় কমিটির সভানেত্রী ও দশমিনা উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ডা. সামসুন্নাহার খান ডলি, বাংলাদেশ কৃষক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জায়েদ ইকবাল খান, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুস সাত্তার হাওলাদার প্রমুখ।
বক্তারা বলেন, উপকূলীয় জনগোষ্ঠীর জীবন-জীবিকা, কৃষিজমি ও বসতভিটা রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের পাশাপাশি ক্ষতিগ্রস্তদের ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে। আন্তর্জাতিক জলবায়ু আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় কৃষক, কিষাণী, ভূমিহীন ও উপকূলীয় জনগোষ্ঠীর মতামত ও অধিকারকে যথাযথ গুরুত্ব দিতে হবে।
বক্তারা আরও বলেন, জলবায়ু সংকট মোকাবিলায় কৃষকবান্ধব ন্যায্য রূপান্তর, খাদ্য সার্বভৌমত্ব এবং কৃষিবান্ধব পরিবেশ নিশ্চিত করা জরুরি। এ সময় সমাবেশ থেকে জলবায়ু ন্যায়বিচার প্রতিষ্ঠা, ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর ক্ষতিপূরণ এবং কৃষকের অধিকার সুরক্ষায় জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ঐক্যবদ্ধ আন্দোলন জোরদার করার আহ্বান জানানো হয়।