১৭ নভেম্বর, ২০২৬
ভূমি মন্ত্রণালয়ের আওতাধীন মাঠপর্যায়ের ইউনিয়ন ও পৌর ভূমি অফিসের জন্য ৫৭৮টি মোটরসাইকেল কেনার সম্মতি দিয়েছে অর্থ বিভাগ। এ জন্য ব্যয় হবে ১১ কোটি ১৫ লাখ ৫৪ হাজার টাকা।
মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগ-১ থেকে এ-সংক্রান্ত সম্মতিপত্র জারি করা হয়েছে। উপসচিব র. হ. ম. আলাওল কবির স্বাক্ষরিত চিঠিটি ভূমি মন্ত্রণালয়ের সচিবের কাছে পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, ভূমি মন্ত্রণালয়ের আওতাধীন মাঠপর্যায়ের ইউনিয়ন ও পৌর ভূমি অফিসের টিওঅ্যান্ডইভুক্ত ৫৭৮টি মোটরসাইকেল কেনার অনুমোদন চাওয়া হয়েছিল। ভূমি ব্যবস্থাপনা, সরেজমিন পরিদর্শন, ভূমি উন্নয়ন কর আদায়, নামজারি ও জমাভাগসংক্রান্ত কার্যক্রম তদারকির জন্য মোটরসাইকেল প্রয়োজন।
এতে আরও বলা হয়, জনগণের দোরগোড়ায় দ্রুত ও কার্যকর ভূমিসেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে মোটরসাইকেল একটি অত্যাবশ্যকীয় পরিবহন মাধ্যম।
বিশেষ করে প্রত্যন্ত ও দুর্গম এলাকায় অবস্থিত ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত মাঠপর্যায়ে দায়িত্ব পালন, সেবাপ্রত্যাশীদের অভিযোগ ও সমস্যা সরেজমিন নিষ্পত্তি এবং ভূমিসেবা কার্যক্রম গতিশীল রাখতে মোটরসাইকেলের প্রয়োজনীয়তা রয়েছে।
অর্থ বিভাগের সম্মতিপত্র অনুযায়ী, প্রতিটি মোটরসাইকেলের নির্ধারিত মূল্য ১ লাখ ৯৩ হাজার টাকা। সে হিসাবে ৫৭৮টি মোটরসাইকেল কেনার মোট ব্যয় নির্ধারণ করা হয়েছে ১১ কোটি ১৫ লাখ ৫৪ হাজার টাকা।
এ ক্রয়ের ক্ষেত্রে কয়েকটি শর্ত দিয়েছে অর্থ বিভাগ। শর্ত অনুযায়ী, মোটরসাইকেল কেনার ক্ষেত্রে পাবলিক প্রকিউরমেন্ট আইন-২০০৬ ও পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা-২০২৫ অনুসরণ করতে হবে।
২০২৬-২৭ অর্থবছরে ভূমি মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট খাতে বরাদ্দ করা অর্থ থেকেই এ ব্যয় নির্বাহ করতে হবে। এ জন্য অতিরিক্ত কোনো বরাদ্দ দেওয়া হবে না। এছাড়া ক্রয়সংক্রান্ত সব বিধি ও আনুষ্ঠানিকতা যথাযথভাবে পালন করতে হবে।
ভূমি মন্ত্রণালয়ের ২৬ অক্টোবর ২০২৬ তারিখের এক স্মারকের পরিপ্রেক্ষিতে অর্থ বিভাগ এ সম্মতি দিয়েছে।