☰
✕

প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে বিরতিতে পাকিস্তানের ব্যাটার

১৭ নভেম্বর, ২০২৬

পাকিস্তানের তরুণ ওপেনার সাইম আইয়ুব প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে বিরতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। নির্বাচকেদের তিনি জানিয়েছেন, মাঠে ফেরার মতো মানসিক প্রস্তুতি তার নেই। ‘জাং নিউজ’-এর প্রতিবেদন অনুযায়ী, ২৪ বছর বয়সী এই ব্যাটার ডিসেম্বরে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন।

চলতি বছরে এই ক্রিকেটার দেশের হয়ে নিয়মিত রান পেতে হিমশিম খাচ্ছিলেন। শুরুতে তিনি ঘরোয়া ক্রিকেটের মাধ্যমে নিজের আত্মবিশ্বাস ফিরে পাওয়ার লক্ষ্যে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিরতি চেয়েছিলেন। এরপর কায়েদ-এ-আজম ট্রফির টানা তিনটি রাউন্ডে অংশ নেননি তিনি।

শ্রীলঙ্কা ও ইংল্যান্ডের বিপক্ষে তিন ইনিংসে তিনি যথাক্রমে ৭, ৮ ও ৬ রান করেছিলেন। ২৫ অক্টোবর লাহোরে ইংল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের এক উইকেটের জয়ের পর, তিনি দলের সাদা বলের ফরম্যাটের প্রধান কোচ মাইক হেসনের সঙ্গে নিজের পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।

আইয়ুব হেসনকে জানান, তিনি দল থেকে সরে গিয়ে ঘরোয়া ক্রিকেটে ফিরতে চান, যাতে নিজের ব্যাটিং নিয়ে কাজ করতে পারেন এবং আত্মবিশ্বাস ফিরে পেতে পারেন। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তাকে ২৭ অক্টোবর শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচের আগেই দল থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেয়। পিসিবি এক বিবৃতিতে আইয়ুবের ‘বর্তমান ফর্ম সম্পর্কে সৎ মূল্যায়নের’ প্রশংসা করেছে এবং টুর্নামেন্টের বাকি অংশের জন্য তার জায়গায় সাহেবজাদা ফারহানকে দলে অন্তর্ভুক্ত করেছে।

তবে জাতীয় দল থেকে সরে আসার পর আইয়ুবকে ঘরোয়া ক্রিকেটেও দেখা যায়নি। ইএসপিএনক্রিকইনফো-এর প্রতিবেদন অনুযায়ী, ‘প্রেসিডেন্টস ট্রফি’র ফাইনাল ছাড়া তার জন্য তাৎক্ষণিকভাবে কোনো ঘরোয়া ম্যাচ ছিল না, আর সেই ফাইনালের দলেও তিনি ছিলেন না।

এরপর সাইম আইয়ুব কায়েদ-এ-আজম ট্রফির টানা তিনটি রাউন্ডে অনুপস্থিত থাকেন এবং নির্বাচক আকিব জাভেদকে জানান, খেলার মতো মানসিক প্রস্তুতি তার নেই। দল থেকে অব্যাহতি পাওয়ার আগে ২০২৬ সালে ১৯টি আন্তর্জাতিক ম্যাচে আইয়ুবের গড় ছিল মাত্র ১৬.৫৫; পুরো বছরে তিনি কেবল একটি অর্ধশতক হাঁকাতে পেরেছিলেন। ঘরের মাঠে ভালো পারফরম্যান্স সত্ত্বেও টেস্ট ক্রিকেটে সাইম আইয়ুবের ফর্ম পড়েছে ভাটার টানে।

বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার বিপক্ষে পাকিস্তানের সিরিজ থেকে বাদ পড়ার পর সেপ্টেম্বরে বার্মিংহামে ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় টেস্টের জন্য সাইম আইয়ুবকে দলে ফেরানো হয়। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে জ্যামাইকা কিংসম্যানের হয়ে খেলার সময় তাকে ডাকা হয়েছিল। সেই ম্যাচে তিনি দুই ইনিংসেই কোনো রান করতে পারেননি (ডাক)।

এখন পর্যন্ত নয়টি টেস্ট খেলে তিনি ২২.৭৫ গড় ও ৫৪.৪৯ স্ট্রাইক রেটে মোট ৩৬৪ রান করেছেন, যার মধ্যে তিনটি অর্ধশতক থাকলেও কোনো শতক নেই। এছাড়া ছয় ইনিংসে বল করে তিনি নিয়েছেন চারটি উইকেট; তার সেরা বোলিং পরিসংখ্যান ১০১ রানে ২ উইকেট, গড় ৪৯.০০ এবং ইকোনমি রেট ৫.৫০।

২০২৪ সালে পাকিস্তানে খেলা পাঁচটি টেস্টে আইয়ুব ২৯.০০ গড়ে মোট ২৯০ রান করেছেন। এর মধ্যে রয়েছে তিনটি অর্ধশতক এবং মুলতানে ইংল্যান্ডের বিপক্ষে খেলা ৭৭ রানের ইনিংসটি। তবে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডে খেলা চারটি টেস্টে তিনি মাত্র ৭৪ রান করতে পেরেছেন, যার গড় ১২.৩৩; এই চার ম্যাচের মধ্যে তিনটিতেই তিনি কোনো রান করতে পারেননি।

ওয়ানডে ক্রিকেট এখন পর্যন্ত সাইম আইয়ুবের সবচেয়ে শক্তিশালী ফরম্যাট। ২০টি ম্যাচ খেলে তিনি ৪০.৬৩ গড় ও ৯৯.৩৬ স্ট্রাইক রেটে মোট ৭৭২ রান করেছেন। তার আন্তর্জাতিক ক্যারিয়ারের তিনটি শতকই এসেছে এই ফরম্যাটে।২০২৪ সালের শেষ দিকে দক্ষিণ আফ্রিকায় তিনি ৬২ বলে অপরাজিত ১১৩ রান এবং ম্যাচ জেতানো ১০৯ রানের ইনিংস খেলেন। এছাড়া ২০২৫ সালের শেষ দিকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাকিস্তানের সিরিজ জয়ের সময় তিনি টানা দুটি ম্যাচে ৫৩ ও ৭৭ রান করেছিলেন।

টি-টোয়েন্টি ক্রিকেটেও অলরাউন্ডার হিসেবে সাইম আইয়ুব নিজের ছাপ রেখেছেন। ৭১টি ম্যাচে তিনি ২১.১৯ গড় ও ১৩৬.৪২ স্ট্রাইক রেটে ১,৩৫৬ রান করেছেন; যার মধ্যে রয়েছে ছয়টি অর্ধশতক এবং তার সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস অপরাজিত ৯৮ রান।

পাকিস্তানের এই ক্রিকেটার ২২.১৮ গড় ও ৭.২৫ ইকোনমি রেটে মোট ৩৩টি উইকেট নিয়েছেন। ২০২৫ এশিয়া কাপে তিনি ৫.৬০ ইকোনমি রেটে ছয়টি উইকেট শিকার করেন, যা তাকে আইসিসি টি-টোয়েন্টি অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে উঠে আসতে সাহায্য করে। এছাড়া চলতি বছরের অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে তিনি ৩/২৫ বোলিং পরিসংখ্যান অর্জন করেন, যা তার টি-টোয়েন্টি ক্যারিয়ারের সেরা বোলিং পারফরম্যান্স।