১৭ নভেম্বর, ২০২৬
পাকিস্তান নারী ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার শেন ডেইটজ। তার নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ওয়েস্ট ইন্ডিজ নারী দলের বিপক্ষে আসন্ন দ্বিপক্ষীয় সিরিজ দিয়ে কাজ শুরু করবেন ৫১ বছর বয়সী এই কোচ।
ক্যারিবীয় সফরে পাকিস্তান দলের সঙ্গে যোগ দেবেন ডেইটজ। এর আগে ওয়েস্ট ইন্ডিজ নারী দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। তার অধীনেই ২০২৪ ও ২০২৬—পরপর দুটি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছিল ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশ ও নেদারল্যান্ডস নারী দলের কোচ হিসেবেও কাজ করার অভিজ্ঞতা আছে ডেইটজের। এ ছাড়া ২০০৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত নিউজিল্যান্ডের ক্রিকেট ওয়েলিংটনে হাই পারফরম্যান্স কোচ ছিলেন তিনি। নতুন দায়িত্ব পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ডেইটজ। ২০২৮ সালে পাকিস্তানের মাটিতে অনুষ্ঠিতব্য নারী টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে দলকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করে তোলাই তার লক্ষ্য। ডেইটজ বলেছেন, ‘পাকিস্তান নারী দলের প্রধান কোচ হতে পেরে আমি খুবই সম্মানিত বোধ করছি। ২০২৮ সালে আমরা টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করব। দেশের মাটিতে সমর্থকদের আনন্দ দেওয়াই আমাদের লক্ষ্য।’
পাকিস্তান নারী দলের কোচিং দায়িত্বে সাম্প্রতিক সময়ে বেশ পরিবর্তন এসেছে। গত সাড়ে তিন বছরে ষষ্ঠ কোচ হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন ডেইটজ। তার আগে দলটির দায়িত্বে ছিলেন ওয়াহাব রিয়াজ।