১৭ নভেম্বর, ২০২৬
৬৫তম ওভারের চতুর্থ বল করার পরই ডানহাত ধরে ফিজিওকে ডাকলেন হাসান মাহমুদ। এরপর স্প্রে করা হলেও ওভার শেষ করলেন না তিনি। হাসানের অসমাপ্ত ওভার শেষ করেন মেহেদী হাসান মিরাজ।
সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সেরা পেসারের চোটের অবস্থা এখনো পরিষ্কার নয়। ধারাভাষ্যকাররা তার চোট নিয়ে টেনিস এলবোর কথা বলছিলেন। হাসানের মাঠ ছাড়ার সময় তিন শ পেরিয়ে গেছে দক্ষিণ আফ্রিকা।
এই নিয়ে টানা চার টেস্ট খেলছেন হাসান। ডানহাতি পেসারের উপর অতিরিক্ত লোড দেওয়া হচ্ছে কি না এই নিয়ে আলোচনা আছে। দক্ষিণ আফ্রিকা সফরের আগে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই টেস্টই খেলেন তিনি। এর আগে আবুধাবির তীব্র গরমে খেলেন আফগানিস্তানের বিপক্ষে।
সিলেটে প্রাণহীন উইকেটে মাত্র দুই পেসার নিয়ে নামায় হাসানের উপর পড়ে চাপ। চলমান জোহানেসবার্গ টেস্টেও চার বোলার নিয়ে খেলছে বাংলাদেশ।
বাকি তিন বোলার যেখানে প্রভাব ফেলতে পারেননি, হাসান নিয়েছেন ৩ উইকেট। এখনো পর্যন্ত ১৭.৪ ওভার বল করে ৬৬ রান দিয়ে ৩ শিকার তার।
হাসান সেরে উঠে এই টেস্টে কখন মাঠে ফিরবেন তা ভীষণ গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। এমনিতেও হাসান দলের সেরা বোলার, তার মধ্যে চার বোলার নিয়ে খেলায় একজন বিশেষজ্ঞ বোলারের ঘাটতি আছে একাদশে।