১৭ নভেম্বর, ২০২৬
আন্তর্জাতিক মানের শিক্ষাব্যবস্থা, সাশ্রয়ী খরচ ও সুষ্ঠু পরিবেশের কারণে বাংলাদেশের বেসরকারি মেডিকেল কলেজগুলোতে বিদেশি শিক্ষার্থীদের আগ্রহ বাড়ছে। রাজধানীর বাইরে অবস্থিত এমনই একটি শিক্ষাপ্রতিষ্ঠান ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ। বর্তমানে এ প্রতিষ্ঠানের মোট শিক্ষার্থীর প্রায় অর্ধেকই বিদেশি। এখান থেকে এমবিবিএস ডিগ্রি সম্পন্ন করে শিক্ষার্থীরা নিজ নিজ দেশে ফিরে যাওয়ায় আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের চিকিৎসাশিক্ষার পরিচিতি বাড়ছে।
সরেজমিনে দেখা যায়, ব্রাহ্মণবাড়িয়া শহরের উত্তর-পূর্ব প্রান্তে সদর উপজেলার ঘাটুরা এলাকায় চট্টগ্রাম-সিলেট মহাসড়কের পূর্ব পাশে প্রায় ৬ একর জমির ওপর ২০১৩ সালে কলেজটি প্রতিষ্ঠিত হয়। ক্যাম্পাসের সামনের অংশে জরুরি বিভাগসহ একটি পূর্ণাঙ্গ হাসপাতাল এবং পেছনে ছয়তলাবিশিষ্ট ১১টি একাডেমিক ভবন রয়েছে। বর্তমানে এখানে অধ্যয়নরত চার শতাধিক শিক্ষার্থীর মধ্যে প্রায় ২০০ জনই বিদেশি। দেশের বিভিন্ন প্রান্তের শিক্ষার্থীদের পাশাপাশি ভারতের কাশ্মীর, পাঞ্জাব, রাজস্থান, আসাম, হরিয়ানা ও সেভেন সিস্টারস অঞ্চল ছাড়াও নেপাল, শ্রীলঙ্কা ও মালদ্বীপ থেকে প্রতিবছর শিক্ষার্থীরা এখানে চিকিৎসাশাস্ত্রে উচ্চশিক্ষা নিতে আসছেন।
কলেজটিতে অধ্যয়নরত কাশ্মীরের শিক্ষার্থী জিয়া জানান, কলেজের পরিবেশ খুবই সহযোগিতাপূর্ণ। শুরুতে নতুন পরিবেশে মানিয়ে নেওয়া কিছুটা চ্যালেঞ্জিং মনে হলেও শিক্ষক ও বাংলাদেশি সহপাঠীদের আন্তরিকতায় এখন তাঁর খুব ভালো লাগছে। এখান থেকে একজন ভালো চিকিৎসক হয়ে উঠতে পারবেন বলে তিনি আশাবাদী।
ভারতের পাঞ্জাব রাজ্যের শিক্ষার্থী গোপেন্দ্র সিংহ বলেন, এখানকার স্কিল ল্যাব, মডেল ও ক্যাডাভার সুবিধা বেশ উন্নত। হাসপাতালে রোগীর চাপ বেশি থাকায় হাতে-কলমে চিকিৎসা শেখার ভালো সুযোগ রয়েছে, যা তাঁদের দক্ষ চিকিৎসক হিসেবে গড়ে উঠতে সহায়তা করছে।
কলেজের ফিজিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. ইফরাত জাহান এবং মাইক্রোবায়োলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মাকসুদা জেরিন খান জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী প্রতি ব্যাচে বিদেশি শিক্ষার্থীদের জন্য নির্ধারিত কোটা রয়েছে। আন্তর্জাতিক মান বজায় রাখতে ইংরেজি মাধ্যমে পাঠদান করা হয়। দূরদেশ থেকে আসা শিক্ষার্থীদের জন্য রয়েছে নিরাপদ আবাসিক হোস্টেলের ব্যবস্থা। অভিজ্ঞ শিক্ষকদের নিবিড় তত্ত্বাবধানে শিক্ষার্থীরা মানসম্মত শিক্ষা পাচ্ছেন।
ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মো. জাকিউর রহমান বলেন, বিএমডিসি ও বিশ্ববিদ্যালয়ের নিয়ম মেনে আন্তর্জাতিক কারিকুলামে এখানে পাঠদান করা হয়। তাঁদের বড় শক্তি হাসপাতালের রোগী। ইনডোরে প্রতিদিন গড়ে ৪০০ থেকে ৪৫০ জন রোগী ভর্তি থাকেন এবং আউটডোরে প্রায় ৮৫০ জন সেবা নেন। ফলে শিক্ষার্থীরা সরাসরি রোগী পর্যবেক্ষণের মাধ্যমে বাস্তবমুখী শিক্ষা পাচ্ছেন। পাশাপাশি অন্য দেশের তুলনায় এখানে পড়াশোনার খরচও অনেক সাশ্রয়ী।
ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশের শিক্ষার্থীরা সাধারণত বিদেশে পড়তে যান। তবে এখন বিদেশি শিক্ষার্থীরা বাংলাদেশে এসে এমবিবিএস ডিগ্রি নিচ্ছেন, যা দেশের জন্য অত্যন্ত গর্বের। সমৃদ্ধ একাডেমিক পরিবেশ, দক্ষ শিক্ষক ও সাশ্রয়ী খরচের কারণে ভবিষ্যতে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা আরও বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন। এতে দেশের অর্থনীতিতেও ইতিবাচক ভূমিকা রাখবে।