১৭ নভেম্বর, ২০২৬
মুন্সীগঞ্জের গজারিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ও সংরক্ষণের দায়ে তাকওয়া সুইটস নামে একটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর সাড়ে ১২টা থেকে ২টা পর্যন্ত উপজেলার তেতৈতলা এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
অভিযানকালে দেখা যায়, তাকওয়া সুইটসে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ও সংরক্ষণ করা হচ্ছে। উৎপাদিত মিষ্টি খোলা অবস্থায় রাখা হয়েছে। কর্মীদের হাত ধোয়ার জন্য সাবানের ব্যবস্থাও ছিল না। এ ছাড়া মিষ্টি তৈরিতে ব্যবহৃত কৃত্রিম রং ও ফ্লেভারের বোতলে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ ছিল না।
এসব অনিয়মের দায়ে প্রতিষ্ঠানটির ম্যানেজার মোহাম্মদ ফোরকানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশে স্বাস্থ্যসম্মত উপায়ে খাদ্যপণ্য তৈরি ও সংরক্ষণের নির্দেশনা দেওয়া হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ। এ সময় উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ফারহানা খান ও গজারিয়া থানা পুলিশের একটি দল সহযোগিতা করে।