১৭ নভেম্বর, ২০২৬
চুয়াডাঙ্গার দামুড়হুদায় ক্রসিংয়ের অপেক্ষায় দাঁড়িয়ে থাকা একটি মালবাহী ট্রেনের ইঞ্জিনের কাচ ভেঙে কেবিনে ঢুকে লোকোমাস্টার ও সহকারী লোকোমাস্টারকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।
এসময় তাদের মোবাইল ফোন, নগদ টাকা ও পরনের কাপড়চোপড় ছিনিয়ে নিয়ে যায় হামলাকারীরা। মঙ্গলবার (১৭ নভেম্বর) ভোররাত ৩টা ২০ মিনিটের দিকে উপজেলার দুধপাথিলা মুরগির ফার্ম এলাকায় এ ঘটনা ঘটে।
রেলওয়ে ও পুলিশ সূত্রে জানা গেছে, ঈশ্বরদী থেকে ছেড়ে আসা খুলনাগামী একটি খালি বিটিও ট্যাংকার ট্রেন ক্রসিংয়ের জন্য ওই এলাকায় দাঁড়িয়ে ছিল। এ সময় একদল দুর্বৃত্ত ট্রেনের ইঞ্জিনের কেবিনের কাচ ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে তারা লোকোমাস্টার নজরুল ইসলাম ও সহকারী লোকোমাস্টার কবীর হোসেনকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এরপর তাঁদের মোবাইল ফোন, নগদ টাকা ও পরনের কাপড়চোপড় ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
হামলার পর ট্রেনটি উথলী রেলস্টেশনের লুপ লাইনে নেওয়া হয়। স্থানীয়দের সহযোগিতায় আহত দুই রেলকর্মীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। রেলওয়ে সূত্র জানায়, ঈশ্বরদী থেকে বিকল্প চালক পৌঁছালে ট্রেনটি খুলনার উদ্দেশে রওনা হবে।
দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এলাকাটি নির্জন। দুর্বৃত্তরা ছিনতাইয়ের উদ্দেশ্যে হামলা চালিয়েছে, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।