☰
✕

সোনারগাঁয়ে বিশেষ অভিযানে গ্রেফতার ১৪

১৭ নভেম্বর, ২০২৬

 

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তিনজন, মাদকসেবী সাতজন ও বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত চারজনসহ মোট ১৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। পরে তাদের আদালতে পাঠানো হয়। 

মঙ্গলবার (১৭ নভেম্বর) সোনারগাঁ থানার বিভিন্ন এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। 

গ্রেফতার সাত মাদকসেবী হলেন- কান্দারগাঁও গ্রামের মো. আকাশ (২১), মো. রিফাত (১৯), ছয়হিস্যা গ্রামের মো. আরিফ (২৮), একই এলাকার আ. খালেক (৩০), ভবনাথপুর গ্রামের মো. হেলাল (৫০), পূর্ব বেহাকৈর গ্রামের মো. আলম (৩৭) এবং বড়ইবাড়ী গ্রামের মো. মীর হোসেন (৪৫)।

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার তিনজন হলেন- সোনারগাঁ পৌরসভার সাহাপুর এলাকার মো. হোসেন (৩৩), জামপুর ইউনিয়নের মহজমপুর গ্রামের কাজী কাওসার (৪০) এবং নোয়াগাঁও ইউনিয়নের ভৌমিকপাড়া এলাকার নেহাল মেম্বার (৪৫)। 

পুলিশের দেওয়া তথ্যমতে, হোসেন শেখ রাসেল শিশু-কিশোর পরিষদের উপজেলা সদস্য, কাজী কাওসার জামপুর ইউনিয়ন যুবলীগের প্রচার সম্পাদক ও থানা আওয়ামী যুবলীগের সদস্য এবং নেহাল মেম্বার নোয়াগাঁও ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। এ ছাড়া ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে শাহীন (৩১), রোকেয়া আক্তার তিথি (৩২), ফারজানা ও মামুন মিয়াকে গ্রেফতার করা হয়েছে।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানান, বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।