১৭ নভেম্বর, ২০২৬
গত আসরের চ্যাম্পিয়ন রংপুরকে ৯ উইকেটে হারিয়ে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) রেকর্ড অষ্টম শিরোপা জিতেছে খুলনা। দীর্ঘ সাত বছর পর আবারও লিগের শিরোপা ঘরে তুলল দলটি। সর্বশেষ ২০১৯ সালে চ্যাম্পিয়ন হয়েছিল খুলনা।
মঙ্গলবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শেষ রাউন্ডের চতুর্থ ও শেষ দিনে ২০১ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নামে খুলনা। দুই ওপেনার এনামুল হক ও আজিজুল হাকিম তামিমের দুর্দান্ত ব্যাটিংয়ে সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায় দলটি।
এনামুল ৬৮ বলে ৮১ রানের ঝড়ো ইনিংস খেলেন। অন্যদিকে আজিজুল ১২৩ বলে ৭৮ রান করে অপরাজিত থাকেন। তাদের উদ্বোধনী জুটিতে আসে ১২৩ রান, যা খুলনার জয়ের পথ অনেকটাই সহজ করে দেয়।
শেষ রাউন্ড শুরুর আগে ৩১ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে ছিল মোহাম্মদ মিঠুনের নেতৃত্বাধীন খুলনা। শিরোপা নিশ্চিত করতে রংপুরের বিপক্ষে ম্যাচে হার এড়ালেই চলত তাদের।
এর আগে সোমবার বরিশালকে ইনিংস ব্যবধানে হারিয়ে সাময়িকভাবে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছিল সিলেট। শেষ রাউন্ড থেকে পূর্ণ ১০ পয়েন্ট পাওয়ায় তাদের সংগ্রহ দাঁড়ায় ৩২। তবে রংপুরকে হারিয়ে আবারও শীর্ষস্থান পুনরুদ্ধার করে শিরোপা উৎসবে মাতে খুলনা।
ম্যাচের প্রথম ইনিংসে অবশ্য কিছুটা চাপে পড়েছিল খুলনা। রংপুরের করা ৩৩৮ রানের জবাবে ৩২২ রানে অলআউট হয় তারা। ফলে প্রথম ইনিংসে ১৬ রানে পিছিয়ে ছিল দলটি।
তবে দ্বিতীয় ইনিংসে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে ম্যাচে ফেরে খুলনা। সফর আলীর ৫ উইকেট এবং মেহেদী হাসান রানার ৪ উইকেটের সুবাদে রংপুরের দ্বিতীয় ইনিংস থামে মাত্র ১৮৪ রানে। এতে খুলনার সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় ২০১ রান।
জবাবে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন এনামুল ও আজিজুল। মাত্র ৩৮ বলে অর্ধশতক পূর্ণ করেন এনামুল। ১১টি চার ও ৩টি ছক্কায় সাজানো তাঁর ৮১ রানের ইনিংসটি শেষ হয় আবু হাশিমের বলে।
এনামুলের বিদায়ের পর কালাম সিদ্দিকী আলীকে সঙ্গে নিয়ে বাকি পথ পাড়ি দেন আজিজুল। কালাম করেন ৫৫ বলে ৩৬ রান। অন্যদিকে ৯টি চার ও ২টি ছক্কায় ৭৮ রানের অপরাজিত ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করেন আজিজুল।