☰
✕

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই ইউপি সদস্যসহ নিহত ৩

১৭ নভেম্বর, ২০২৬

 

বগুড়ার কাহালু ও নন্দীগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যসহ তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৭ নভেম্বর) ভোররাত ও বেলা সোয়া ১১টার দিকে দুর্ঘটনা দুটি ঘটে। এর মধ্যে কাহালুতে বালুভর্তি ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই ইউপি সদস্য নিহত হন। অন্যদিকে নন্দীগ্রামে দুটি বালুবাহী ট্রাকের সংঘর্ষে প্রাণ হারান এক ট্রাকচালক।

কাহালু উপজেলায় বালুভর্তি ট্রাকের ধাক্কায় নিহত দুই ইউপি সদস্য হলেন পাইকড় ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য বাবর আলী (৬৫) এবং ৬ নম্বর ওয়ার্ডের সদস্য মো. আব্দুল বাসেদ (৭০)। এ ঘটনায় আব্দুল মকিম (৬০) নামে আরও একজন আহত হয়েছেন।

মঙ্গলবার সকালে তাঁরা তিনজন একটি মোটরসাইকেলে করে নিজ এলাকা থেকে কাহালুর দিকে যাচ্ছিলেন। পথে নারহট্ট ইউনিয়নের দরগাহ হাট থেকে নুনগোলা সড়কের পাইকড় ইউনিয়নের পাঞ্জুয়াপাড়া এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা দ্রুতগতির একটি বালুভর্তি ট্রাক মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই দুই ইউপি সদস্যের মৃত্যু হয়। গুরুতর আহত আব্দুল মকিমকে স্থানীয়রা উদ্ধার করে কাহালু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। দুর্ঘটনার পর ট্রাকচালক গাড়িটি নিয়ে পালিয়ে যান।

কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করেছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। ট্রাকটি পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

অন্যদিকে, নন্দীগ্রামে বগুড়া-নাটোর মহাসড়কে দুটি বালুবাহী ট্রাকের সংঘর্ষে ওবায়দুল ইসলাম (২৭) নামের এক চালক নিহত হয়েছেন। মঙ্গলবার ভোররাত আনুমানিক ৪টার দিকে উপজেলার কুন্দারহাট বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওবায়দুল ইসলাম যশোরের কেশবপুর থানার পরচক্রা গ্রামের আজিবর মোড়লের ছেলে।

জানা যায়, রংপুর থেকে ছেড়ে আসা বালুভর্তি একটি ট্রাক বগুড়া-নাটোর মহাসড়ক দিয়ে যাচ্ছিল। এ সময় একই দিক থেকে আসা অপর একটি বালুভর্তি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সামনের ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে দুটি ট্রাক দুর্ঘটনার কবলে পড়ে এবং পেছনের ট্রাকের চালক ওবায়দুল ইসলাম গুরুতর আহত হন। খবর পেয়ে নন্দীগ্রাম ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করেন। পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, ওবায়দুল ইসলামের মরদেহ বর্তমানে শজিমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।