১৭ নভেম্বর, ২০২৬
ফরিদপুরের ভাঙ্গায় সাংবাদিক গৌতম দাসের ২১তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে তাঁর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী এবং সাংবাদিকরা।
২০০৫ সালের ১৭ নভেম্বর ফরিদপুর শহরে খুন হন সাংবাদিক গৌতম দাস। তাঁর ২১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সকাল সাড়ে ৯টার দিকে ভাঙ্গা পৌরসভার চন্ডীদাসদি মহল্লায় অবস্থিত তাঁর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় ‘তারেক মাসুদ ফাউন্ডেশন’ ও ‘ভাঙ্গার সাধারণ নাগরিক সমাজ’।
তারেক মাসুদ ফাউন্ডেশনের পক্ষে উপস্থিত ছিলেন সংগঠনটির আহ্বায়ক ও ভাঙ্গা সরকারি কাজী মাহবুব উল্লাহ কলেজের সাবেক অধ্যক্ষ মোসায়েদ হোসেন ঢালী এবং সদস্য সচিব সাইদ মাসুদ। ভাঙ্গার সাধারণ নাগরিক সমাজের পক্ষে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মিঞা বে-নজির আহমেদ ও সুবাস চন্দ্র মন্ডল।
এদিন বেলা ১১টার দিকে গৌতম দাসের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ফরিদপুরের সমকাল সুহৃদ সমাবেশ ও প্রথম আলো বন্ধুসভার সদস্যরা।
এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুরের জ্যেষ্ঠ সাংবাদিক প্রবীর কান্তি বালা, হাসানুজ্জামান ও জহির হোসেন, ভাঙ্গা মহিলা কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক অজয় কুমার দাস এবং দৈনিক সমকালের ভাঙ্গা উপজেলা প্রতিনিধি সাইফুল ইসলাম শাকিলসহ অন্যরা।
শ্রদ্ধা নিবেদন শেষে ভাঙ্গা সরকারি কাজী মাহবুব উল্লাহ কলেজের সাবেক অধ্যক্ষ মোসায়েদ হোসেন ঢালী বলেন, গৌতম দাস একজন সৎ ও সাহসী সাংবাদিক ছিলেন। বস্তুনিষ্ঠ সাংবাদিকতার কারণেই তাঁকে জীবন দিতে হয়েছে। তাঁর মতো নিষ্ঠার সঙ্গে বর্তমান সাংবাদিকরা দায়িত্ব পালন করলেই কেবল গৌতম দাস আমাদের মাঝে বেঁচে থাকবেন।