১৭ নভেম্বর, ২০২৬
রাজধানীর মিরপুরের পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানার সাজা বহাল রেখেছেন হাইকোর্ট। তবে একই মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর আসামি স্বপ্না খাতুনকে খালাস দিয়েছেন আদালত।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর পৌনে একটার দিকে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।
অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, স্বপ্না খাতুনের ক্ষেত্রে আদালতের পর্যবেক্ষণ হলো, মূল অপরাধ ছিল ধর্ষণ ও হত্যা। সোহেল রানার জবানবন্দিতে স্বপ্না খাতুনের সম্পৃক্ততার কথা উল্লেখ করা হয়নি। আদালত বলেছেন, ধর্ষণের মতো অপরাধে কোনো নারী তাঁর স্বামীকে সহযোগিতা করেছেন—এমন সুযোগ নেই।
অ্যাটর্নি জেনারেল আরও বলেন, সাক্ষীদের জবানবন্দি থেকে প্রমাণিত হয়েছে, স্বামীকে পালাতে সহায়তা করতে তিনতলার গ্রিল কাটার ঘটনায় স্বপ্না খাতুন সহযোগিতা করেছিলেন। তবে ধর্ষণ ও হত্যার মূল অপরাধে তার সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়নি। এ বিবেচনায় আদালত তাকে খালাস দিয়েছেন।
সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রাখার বিষয়ে আদালত পর্যবেক্ষণে বলেছেন, রামিসাকে নৃশংস ও অস্বাভাবিকভাবে হত্যা করা হয়েছে। এ ধরনের অপরাধের জন্য মৃত্যুদণ্ডই উপযুক্ত শাস্তি।
রায় ঘোষণার সময় রাষ্ট্রপক্ষে আদালতে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল ওসমান চৌধুরী। আসামিপক্ষে ছিলেন আইনজীবী হাফিজুর রহমান খান। এ সময় রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লাও আদালতে উপস্থিত ছিলেন।