১৭ নভেম্বর, ২০২৬
একসময় যে মাঠে দোল খেত সোনালি ধান, ফুটত সরিষার হলুদ ফুল, সেখানে এখন থইথই পানি। কোথাও হাঁটুপানি, কোথাও কোমরসমান। বিস্তীর্ণ মাঠে ফসলের বদলে জন্মেছে ঘাস, জমেছে কচুরিপানা। পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে যাওয়ায় সিরাজগঞ্জের উল্লাপাড়া, তাড়াশ ও বেলকুচি উপজেলার বিস্তীর্ণ এলাকায় দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। কোথাও সেতু ও কালভার্টের মুখে মাটি ফেলে পানির প্রবাহ বন্ধ করা হয়েছে, কোথাও অপরিকল্পিতভাবে পুকুর খনন করেও পানি চলাচলে বাধা সৃষ্টি করা হয়েছে।
স্থানীয়দের হিসাব অনুযায়ী, জলাবদ্ধতার কারণে প্রায় ১১ হাজার বিঘা তিন ফসলি জমি অনাবাদি পড়ে আছে। বছরের পর বছর ফসল ফলাতে না পেরে আর্থিক সংকটে পড়েছেন হাজারো কৃষক। কৃষিকাজ বন্ধ হওয়ায় কাজ হারিয়েছেন অনেক কৃষিশ্রমিকও।
উল্লাপাড়া উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের আগরপুর, ক্ষুদ্র সিমলা, কালিকাপুর, খৈশ্বর, জালশুকা, হরিনচরা, পুকুরপাড়, দবিরগঞ্জ, চৈত্রহাটি ও পাঠানপাড়াসহ আশপাশের বিভিন্ন গ্রামে জলাবদ্ধতা দেখা দিয়েছে।
স্থানীয়দের অভিযোগ, গত ১০ বছরে এসব এলাকায় পানি নিষ্কাশনের খাল ও কালভার্টের মুখ বন্ধ করে প্রায় ৫০০ বিঘা জায়গাজুড়ে অন্তত ২০০টি পুকুর খনন করা হয়েছে। এতে পানি চলাচলের পথ বাধাগ্রস্ত হয়ে প্রায় তিন হাজার বিঘা জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।
তাড়াশ উপজেলার ঝুরঝুরি, বোয়ালিয়া, মাধবপুর, পাগলাপাড়া ও মথুরাপুর এলাকায়ও একই সমস্যা দেখা দিয়েছে। স্থানীয়দের অভিযোগ, অপরিকল্পিতভাবে পুকুর খনন এবং সেতু ও কালভার্টের মুখে মাটি ফেলে পানি চলাচল বন্ধ করে দেওয়ায় প্রায় তিন হাজার বিঘা জমি অনাবাদি হয়ে পড়েছে। পাঁচ বছর ধরে এসব এলাকার অনেক জমিতে চাষাবাদ করতে পারছেন না কৃষকেরা।
বেলকুচি উপজেলায় জলাবদ্ধতার কারণে প্রায় পাঁচ হাজার বিঘা তিন ফসলি জমিতে আবাদ বন্ধ রয়েছে। উপজেলার রাজাপুর, ভাঙ্গাবাড়ী, দৌলতপুর ও ধুকুরিয়াবেড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ সমস্যা দেখা দিয়েছে। এর মধ্যে মাইঝাইল পূর্বপাড়া, রাজাপুর পশ্চিম, আমবাড়িয়া, বানিয়াগাতি, ক্ষুদ্র জোকনালা, হাভাইতা খোলা, গোপালপুর, চরকাদহ, বওড়া, আজুগড়া, তেয়াশিয়া ও ধুলগাগড়াখালীসহ বিস্তীর্ণ এলাকায় পানি জমে রয়েছে। কার্যকর পানি নিষ্কাশনব্যবস্থা না থাকায় বছরের পর বছর এসব জমিতে ফসল উৎপাদন ব্যাহত হচ্ছে।
জলাবদ্ধতার কারণে কৃষকেরা ফসলের আয় থেকে বঞ্চিত হচ্ছেন। ক্ষতিগ্রস্ত হচ্ছে সামগ্রিক কৃষি উৎপাদনও। জমি অনাবাদি থাকায় অনেক কৃষক ঋণগ্রস্ত হয়ে পড়েছেন। কেউ কেউ জমি বিক্রি করতে চাইলেও ন্যায্যমূল্য পাচ্ছেন না। অন্যদিকে কৃষিকাজের ওপর নির্ভরশীল শ্রমিকেরাও কাজের সুযোগ হারিয়েছেন।
বেলকুচি উপজেলার কৃষক আফসার আলী, হায়দার আলী ও রমজান শেখ বলেন, একসময় এসব জমিতে বছরে বোরো, আমন ও সরিষাসহ তিন ধরনের ফসল উৎপাদিত হতো। ফসলের আয়েই চলত তাঁদের সংসার। কিন্তু পানি নিষ্কাশনের স্বাভাবিক পথ বন্ধ হয়ে যাওয়ায় এখন অনেক জমিতে কোনো ফসলই ফলানো যাচ্ছে না।
উল্লাপাড়ার আগরপুর গ্রামের কৃষক এমদাদুল হক ও নজরুল ইসলাম বলেন, তাঁদের প্রায় ২০ বিঘা জমি পাঁচ বছর ধরে অনাবাদি পড়ে আছে। আগে এসব জমিতে বোরো, আমন ও সরিষার আবাদ হতো। এখন জলাবদ্ধতার কারণে কোনো ফসলই চাষ করা যাচ্ছে না। সেতুর মুখ খুলে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হলে শত শত কৃষক উপকৃত হবেন।
কৃষকদের দাবি, বিচ্ছিন্ন উদ্যোগের পরিবর্তে জলাবদ্ধতাপ্রবণ এলাকাগুলো চিহ্নিত করে সমন্বিত ও টেকসই পানি নিষ্কাশনব্যবস্থা গড়ে তুলতে হবে। একই সঙ্গে বন্ধ হয়ে যাওয়া খাল, সেতু ও কালভার্টের মুখ খুলে দেওয়া এবং অপরিকল্পিত পুকুর খনন বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে। কৃষিজমি রক্ষা ও কৃষক পরিবারের জীবিকা বাঁচাতে দ্রুত পদক্ষেপ চান তারা।
উল্লাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুবর্ণা ইয়াসমিন সুমি বলেন, জলাবদ্ধতার কারণে কয়েকটি গ্রামের বিপুল পরিমাণ তিন ফসলি জমিতে আবাদ করা যাচ্ছে না। কৃষকদের দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে সমস্যা সমাধানের জন্য উপজেলা প্রশাসনকে অবহিত করা হয়েছে।
বেলকুচি উপজেলা কৃষি কর্মকর্তা সাবাব ফারহানও জলাবদ্ধতার কারণে কৃষি উৎপাদন ব্যাহত হওয়ার বিষয়টি স্বীকার করেছেন। তার মতে, এতে কৃষক ও সামগ্রিক অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে।
উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রায়হানুল ইসলাম বলেন, জলাবদ্ধতার প্রকৃত কারণ অনুসন্ধান করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ব্যক্তি স্বার্থে কেউ পানি নিষ্কাশনের পথ বন্ধ করে জলাবদ্ধতা সৃষ্টি করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রাকৃতিক কারণে জলাবদ্ধতা সৃষ্টি হলেও তা নিরসনে উদ্যোগ নেওয়া হবে।
কৃষকদের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলীম। তিনি বলেন, কৃষি মন্ত্রণালয়ের মাধ্যমে স্থায়ী পানি নিষ্কাশনব্যবস্থা গড়ে তোলার জন্য তৎপরতা শুরু হয়েছে। খাল খননের মাধ্যমে দ্রুত সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হবে।