☰
✕

অন্তঃসত্ত্বা শিক্ষিকার পেটে লাথি-মারধরের অভিযোগ, দুই বিএনপি নেতাকে শোকজ

১৭ নভেম্বর, ২০২৬

নেত্রকোনার আটপাড়ায় এক অন্তঃসত্ত্বা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকাকে মারধর ও পেটে লাথি দেওয়ার অভিযোগে দুই বিএনপি নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে দলটি। এ ঘটনায় প্রশাসনের পক্ষ থেকেও তদন্ত শুরু হয়েছে। তবে স্থানীয়দের দাবি, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির দ্বন্দ্বের জেরে এ বিরোধের সৃষ্টি হয়েছে। অন্যদিকে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত বিএনপি নেতারা।

জানা গেছে, আটপাড়া উপজেলার কাছারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিদ্যোৎসাহী সদস্য নির্বাচন সম্পন্ন হলেও ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচন বাকি রয়েছে। এর মধ্যে গত সোমবার বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিবেদিতা দেব উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় তাঁকে মারধর ও পেটে লাথি দেওয়া হয়েছে।

এ ঘটনার পর বিকেলে দুই বিএনপি নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। উপজেলা বিএনপির সভাপতি মাসুম চৌধুরী স্বাক্ষরিত নোটিশে সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তেলিগাতী ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন ও বিএনপি নেতা নুরুজ্জামান খান পুতুলের বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে। নোটিশ পাওয়ার ৭২ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।

অভিযোগকারী শিক্ষিকা নিবেদিতা দেব জানান, তেলিগাতী ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেনের নেতৃত্বে ৭০ থেকে ৮০ জন নেতা-কর্মী বিদ্যালয়ে জড়ো হন। এ সময় বিদ্যালয়ের সাবেক শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতি প্রার্থী নুরুজ্জামান খান পুতুলসহ কয়েকজন তাঁর ওপর হামলা চালান এবং তলপেটে লাথি মারেন। অন্যরাও তাঁকে কিল-ঘুষি মারেন। পরে বিদ্যালয়ের অন্য শিক্ষক ও অভিভাবকেরা তাঁকে উদ্ধার করেন। এ ঘটনায় তিনি ইউএনওর কাছে লিখিত অভিযোগ দেন।

তবে শিক্ষিকাকে মারধরের অভিযোগ অস্বীকার করেছেন আনোয়ার হোসেন। তিনি বলেন, বিদ্যালয়ের পাশে কয়েকজন নেতা-কর্মীকে নিয়ে তাঁরা বৈঠক করছিলেন। এ সময় শিক্ষিকাকে ডেকে বিদ্যালয়ের ভেতরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের নিয়ে বৈঠক না করার কথা বলা হয়েছিল। কিন্তু তিনি সেখানে যাননি। পরে বিদ্যালয়ের ভেতরে আওয়ামী লীগের নেতা-কর্মীদের নিয়ে বৈঠক করার বিষয়ে জানতে চাইলে তিনি মারধরের অভিযোগ করেন।

অন্যদিকে শিক্ষিকা নিবেদিতা দেব বলেন, অন্য একটি স্থানে বৈঠকে বসে তাঁকে সেখানে যাওয়ার জন্য খবর দেওয়া হয়েছিল। তিনি তাঁদের বিদ্যালয়ের অফিসকক্ষে এসে কথা বলতে বলেন। এরপরই তাঁরা এসে তাঁর ওপর হামলা চালান।

এ বিষয়ে জেলার ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাহবুব জামান বলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আহসান উল্লাহ মুকুলকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেবেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল কবীর বলেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে মারধরের একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় তদন্ত চলছে। তদন্ত শেষ হলে ঘটনার বিষয়ে বিস্তারিত জানা যাবে।