১৭ নভেম্বর, ২০২৬
কোরআন তিলাওয়াত একটি ফজিলতপূর্ণ কাজ। তিলাওয়াতের সময় প্রতিটি অক্ষরের বিনিময়ে ১০ নেকী লেখা হয় বান্দার আমলনামায়। আব্দুল্লাহ ইবনু মাসউদ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি মহান আল্লাহর কিতাব থেকে একটি অক্ষর তেলাওয়াত করল তার বিনিময়ে সে একটি নেকী পাবে, আর একটি নেকীর বদলা হবে দশগুণ, একথা বলছি না যে, আলিফ-লাম-মীম, একটি অক্ষর বরং আলিফ একটি অক্ষর, লাম একটি অক্ষর, মীম একটি অক্ষর।’ (তিরমিজি, হাদিস: ২৯১০)
তিলাওয়াতের মতো মনোযোগ দিয়ে কোরআন তিলাওয়াত শোনাও একটি ইবাদত ও আল্লাহর রহমত লাভের মাধ্যম। মহানবী (সা.) কখনো কখনো সাহাবায়ে কেরামকে দিয়ে কোরআন তিলাওয়াত করাতেন এবং গভীর আগ্রহ নিয়ে তিলাওয়াত শুনতে পছন্দ করতেন।
আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) আমাকে বলেন, ‘আমার কাছে কোরআন পাঠ করো।’ আমি বললাম, আমি আপনার কাছে কোরআন পাঠ করব, অথচ আপনার ওপর কোরআন অবতীর্ণ হয়েছে। তিনি বলেন, ‘আমি অন্যের তিলাওয়াত শুনতে পছন্দ করি।’ (বুখারি, হাদিস: ৫০৫৬)
রাতে কোরআন তিলাওয়াত চালিয়ে ঘুমিয়ে যাওয়া কি ঠিক?
বর্তমানে অনেকেই মোবাইল বা ডিভাইসে কোরআন তিলাওয়াত চালু করে তিলাওয়াত শুনেন। কেউ কেউ রাতে ঘুমানোর আগে তিলাওয়াত শুনেন। তিলাওয়াত শুনতে শুনতে ঘুমিয়ে পড়েন। তিনি ঘুমিয়ে আছেন অথচ তিলাওয়াত চালু রয়েছে। এভাবে তিলাওয়াত চালু রেখে ঘুমানো কি কোরআনের প্রতি অবমাননা হিসেবে গণ্য হবে? এবং ইসলামের দৃষ্টিতে এমন কাজ কি গুনাহের অন্তর্ভুক্ত?
মানুষ সাধারণত আত্মিক প্রশান্তি, বরকত লাভ ও কোরআনের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ট করার জন্য কোরআন তিলাওয়াত শুনে এবং রাতে ঘুমানোর আগে মোবাইল বা ডিভাইসে কোরআন তিলাওয়াত চালু রাখে।
বরকতের লাভের নিয়তে ঘুমানোর আগে কোরআন তিলাওয়াত চালু করে শোনা জায়েজ। তবে ঘুমিয়ে পড়ার পর সারা রাত তিলাওয়াত চালু রাখা থেকে বিরত থাকাই উত্তম। কারণ, আল্লাহ তায়ালা বলেন, যখন কোরআন তিলাওয়াত করা হয়, তখন তোমরা মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো, যাতে তোমাদের প্রতি রহমত করা হয়। (সুরা আরাফ, আয়াত : ২০৪)
ঘুমন্ত ব্যক্তির পক্ষে মনোযোগ দিয়ে শোনা সম্ভব নয়। তাই ঘুমানোর আগে তিলাওয়াত শুনে মোবাইলে ৩০ মিনিট বা এক ঘণ্টার স্লিপ টাইমার দিয়ে রাখতে পারেন। এতে ইনশাআল্লাহ কোনো অসুবিধা নেই এবং ঘুমানোর পর তিলাওয়াত চালু থাকবে না।