☰
✕

পাকিস্তানে গৃহকর্মী নির্যাতন, সুরক্ষা ও বিচারের সুযোগ থেকে বঞ্চিত শিশুরা

১৭ নভেম্বর, ২০২৬

পাকিস্তানে গৃহকর্মীদের ওপর নির্যাতন অব্যাহত রয়েছে।এর প্রধান কারণ, নির্যাতনের শিকার ব্যক্তিদের সুরক্ষা ও ন্যায়বিচার পাওয়ার সুযোগ সীমিত।

দারিদ্র্যের কারণে দেশটির হাজার হাজার পরিবার সন্তানদের গৃহকর্মে নিয়োজিত করতে বাধ্য হচ্ছে। কিন্তু এসব শিশুর নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করার কোনও কার্যকর ব্যবস্থা থাকছে না।

বেসরকারি বাসাবাড়িতে নিয়োগকর্তার ওপর সম্পূর্ণ নির্ভরশীল থাকায় নির্যাতনের শিকার হলেও অভিযোগ জানানো কিংবা সেখান থেকে বেরিয়ে আসার সুযোগ পায় না তারা।

সম্প্রতি ইসলামাবাদে এক জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তার বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করা ১৩ বছর বয়সী ফাতিমার মৃত্যু এ পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।

প্রাথমিক চিকিৎসা পরীক্ষায় তার শরীরে শারীরিক নির্যাতনের চিহ্ন পাওয়া গেছে বলে জানা গেছে। এ ঘটনায় স্থানীয় পুলিশ প্রথমে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল বলেও অভিযোগ উঠেছে।

তার মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন এবং অভিযোগের নিরপেক্ষ তদন্ত জরুরি।

অপরাধ প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির পদমর্যাদা বা সামাজিক পরিচয় বিবেচনা না করে দায়ীদের জবাবদিহির আওতায় আনতে হবে।

পাকিস্তানে গৃহকর্মীদের নিয়োগব্যবস্থা শ্রম খাতের সবচেয়ে কম নিয়ন্ত্রিত ক্ষেত্রগুলোর একটি। তাদের জন্য কার্যকর অভিযোগ জানানোর ব্যবস্থাও নেই।

পাকিস্তানে গৃহকর্মীদের নিয়োগব্যবস্থা শ্রম খাতের সবচেয়ে কম নিয়ন্ত্রিত ক্ষেত্রগুলোর একটি। তাদের জন্য কার্যকর অভিযোগ জানানোর ব্যবস্থাও নেই।

শিশু গৃহকর্মীরা আরও বেশি ঝুঁকিতে থাকে। কারণ, তারা নির্যাতনের প্রতিবাদ করতে কিংবা নিজেদের অধিকার লঙ্ঘনের বিষয়টি বুঝতে তুলনামূলক কম সক্ষম।  

গৃহকর্মে নিয়োজিত হওয়ার কারণে তাদের শিক্ষার সুযোগও বন্ধ হয়ে যায়। ফলে দারিদ্র্য থেকে বেরিয়ে আসার পথ সংকুচিত হয় এবং প্রজন্মের পর প্রজন্ম দারিদ্র্যের চক্রে আটকে থাকে।

আইন থাকলেও তার যথাযথ প্রয়োগের অভাবে পরিস্থিতির উন্নতি হচ্ছে না।

ইসলামাবাদ ক্যাপিটাল টেরিটরি ডোমেস্টিক ওয়ার্কার্স অ্যাক্ট, ২০২২ অনুযায়ী, ১৬ বছরের কম বয়সীদের গৃহকর্মে নিয়োগ নিষিদ্ধ। কিন্তু আইনটির প্রয়োগ যথেষ্ট নয়।

এ পরিস্থিতি মোকাবিলায় প্রাদেশিক সরকারগুলোকে বিদ্যমান শ্রম আইন কার্যকর করতে হবে এবং কোনও ধরনের হস্তক্ষেপ ছাড়াই অভিযোগ তদন্ত নিশ্চিত করতে হবে।

পাশাপাশি সহজে অভিযোগ জানানোর ব্যবস্থা ও শিশু সুরক্ষাসেবা জোরদার করা জরুরি। গৃহকর্মীরাও অন্য সব শ্রমিকের মতো মর্যাদা ও আইনি সুরক্ষা পাওয়ার অধিকারী- এ উপলব্ধি সমাজের সর্বস্তরে প্রতিষ্ঠা করতে হবে।