১৭ নভেম্বর, ২০২৬
ইরানের পক্ষে ‘ষড়যন্ত্র’ এবং ইরানি প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) সঙ্গে যোগসাজশের অভিযোগ তুলে ৬৪ জন শিয়া আলেমকে যাবজ্জীবন কারাবাসের সাজা দিয়েছেন বাহরাইনের একটি আদালত।
সেই সঙ্গে আরও ৫ জন আলেমকে ১৫ বছর কারাবাসের সাজা দেওয়া হয়েছে। ১৬ নভেম্বর (সোমবার) এই সাজা ঘোষণা করেছেন আদালত।
উল্লেখ্য, বাহরাইন যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ মিত্র। সুন্নি মুসলিম রাজপরিবার দ্বারা শাসিত এবং শিয়া মুসলিম অধ্যুষিত এই দেশটিতে মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহর (ফিফথ ফ্লিট) মোতায়েন রয়েছে। বাহরাইন দীর্ঘদিন ধরেই মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব নিয়ে উদ্বিগ্ন।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের পক্ষ নেওয়ায় তেহরান যখন বাহরাইনের সমালোচনা শুরু করে, সেই সমালোচনার জবাবে বাহরাইনের সরকার নিজ দেশের শিয়া আলেম ও ধর্মীয় নেতাদের দমন-পীড়ন শুরু করে। তেহরানের পক্ষে উসকানি দেওয়া ও গুপ্তচরবৃত্তির অভিযোগ তোলা হয় তাদের বিরুদ্ধে।
গত ৫ জুলাই শুরু হয়েছিল এই আলেম ও শিয়া নেতাদের বিচারের প্রক্রিয়া। সাজাপ্রাপ্ত এই শিয়া আলেম ও নেতাদের পক্ষে আদালতে আইনি লড়াই করছে ‘বাহরাইন ইনস্টিটিউট ফর রাইটস অ্যান্ড ডেমোক্রেসি’(বার্ড )নামের একটি সংস্থা। সংস্থাটির এক মুখপাত্র এই রায়কে ‘কল্পনার চেয়েও ভয়াবহ’ উল্লেখ করে জানিয়েছেন, মে-জুন মাসে যেসব আলেমকে গ্রেপ্তার করা হয়েছিল, তাদের সবাইকে সাজা দেওয়া হয়েছে। একজন আসামিও খালাস পাননি।
এই ধর্মীয় নেতাদের পক্ষে কাজ করা আইনি দলের ঘনিষ্ঠ একজন ব্যক্তি রায়গুলোকে ‘কল্পনার চেয়েও ভয়াবহ’ উ ল্লেখ করে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সকে জানিয়েছেন, একজন আসামিও খালাস পাননি।
বার্ড এবং ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, গত মে ও জুন মাসের মধ্যে প্রায় ৭০ জন ধর্মীয় নেতা ও আলেমকে গ্রেপ্তার করে বাহরাইনি পুলিশ। গ্রেপ্তারদের বিরুদ্ধে অভিযোগ—তারা আইআরজিসি সহায়তায় বাহরাইনে বিদ্রোহ উসকে দেওয়ার এবং বিদ্যমান শাসনব্যবস্থাকে উৎখাতের চেষ্টা করছিলেন।
দণ্ডপ্রাপ্তদের তালিকায় আছেন বাহরাইনের শীর্ষ শিয়া আধ্যাত্মিক নেতাও
বার্ডের তথ্য অনুযায়ী, যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তদের মধ্যে রয়েছেন শেখ ঈসা কাসিম। তাকে বাহরাইনের শিয়া সম্প্রদায়ের আধ্যাত্মিক নেতা হিসেবে গণ্য করা হয় এবং তিনি ২০১৮ সাল থেকে ইরানে বসবাস করছেন।
বার্ডের অ্যাডভোকেসি বিভাগের পরিচালক সায়েদ আহমেদ আল-ওয়াদাই বলেন, “আশির দশকের শেষ প্রান্তে থাকা একজন ব্যক্তিকে এমন একটি রায়ে দণ্ডিত করা, যার কোনো বাস্তব প্রয়োগ নেই—একে প্রতিশোধমূলক কর্মকাণ্ড ছাড়া অন্য কিছু হিসেবে দেখা কঠিন।”
২০১৬ সালে বাহরাইন শেখ ঈসা কাসিমের নাগরিকত্ব কেড়ে নেয়। তার বিরুদ্ধে সাম্প্রদায়িকতাকে উসকে দেওয়া, বিদেশি স্বার্থ রক্ষা করা এবং রাষ্ট্রের প্রতি আনুগত্য ক্ষুণ্ণ করার অভিযোগ আনা হয়েছিল। এই সিদ্ধান্তের ফলে দেশটিতে বিক্ষোভ ছড়িয়ে পড়ে এবং বিভিন্ন মানবাধিকার গোষ্ঠী ও যুক্তরাষ্ট্রের সমালোচনার মুখে পড়ে বাহরাইন সরকার।
উল্লেখ্য, বাহরাইনের শিয়া সম্প্রদায়ের অনেকের বিশ্বাস, নিজেদের বিশ্বাসের কারণে তারা নিপীড়নের শিকার হচ্ছেন। ২০১০-এর দশকের শুরুর দিকে সরকার শত শত সরকারবিরোধী বিক্ষোভকারীকে কারাবন্দি করেছিল, যাদের অধিকাংশই ছিলেন শিয়া।
ইরান বাহরাইনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের অভিযোগ অস্বীকার করে আসছে, তবে চলতি বছর আঞ্চলিক যুদ্ধ পরিস্থিতির কারণে বাহরাইন কর্তৃপক্ষ আবারও চরম উদ্বেগের মধ্যে রয়েছে।
বাহরাইনের জননিরাপত্তা বিভাগের প্রধান লেফটেন্যান্ট জেনারেল তারিক আল হাসান বলেছেন, “আমরা এমন একটি আদর্শের মোকাবিলা করছি, যা বাহরাইনের সার্বভৌম কর্তৃপক্ষের চেয়ে ইরানের নেতৃত্বের প্রতি আনুগত্যকে বেশি গুরুত্ব দেয়।”