১৭ নভেম্বর, ২০২৬
ঢাকায় নাশকতার পরিকল্পনার অভিযোগে গোপালগঞ্জে নাশকতা করে পালিয়ে আসা যুবলীগের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-২)। মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে এসআরবি-২ এর উপপরিচালক (মিডিয়া) মেজর এম মুবীন রহমান তাপস এ তথ্য জানান।
গ্রেপ্তারকৃত ব্যক্তিদের মধ্যে রয়েছেন- গোপালগঞ্জের কাশিয়ানী থানা যুবলীগের সাবেক সভাপতি কাজী নুরুল আমিন তুহিন (৫৫)। মঙ্গলবার (১৭ নভেম্বর) ভোরে মোহাম্মদপুরের মোহাম্মদিয়া হাউজিং রোডে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। অন্য দুজন হলেন- মো. বিল্লাল হোসেন (৪১) ও মো. আবুল বাশার (৪৭)।
তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসআরবি-২ জানতে পারে, কয়েকজন ব্যক্তি নাশকতার উদ্দেশ্যে মোহাম্মদপুরের মোহাম্মদিয়া হাউজিং রোডে অবস্থান করছেন। তাদের মধ্যে তিনজন গোপালগঞ্জে নাশকতা করে ঢাকায় পালিয়ে এসেছেন। পরে অভিযান চালিয়ে নাশকতা সৃষ্টির আগেই তাদের আটক করা হয়।
গ্রেপ্তার তিনজনই গোপালগঞ্জের বাসিন্দা এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুবলীগের সদস্য বলে প্রাথমিক তথ্যানুসন্ধানে জানা যায়। তাদের মধ্যে তুহিন কাশিয়ানী থানা যুবলীগের সাবেক সভাপতি। এ ছাড়া তিনি আওয়ামী লীগের যাত্রাবাড়ী এলাকার ৫১ নম্বর ওয়ার্ডের যুগ্ম আহ্বায়ক।
মেজর মুবীন রহমান তাপস আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা নাশকতা করে জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে ওই এলাকায় অবস্থানের কথা স্বীকার করেছেন।
তুহিনের বিরুদ্ধে গোপালগঞ্জের কাশিয়ানী থানায় হত্যাচেষ্টা, বেআইনি সমাবেশ, অনধিকার প্রবেশ, চুরি, অগ্নিসংযোগ, মারধর ও গুরুতর জখমের অভিযোগে একটি মামলা রয়েছে। এ ছাড়া ডিএমপির যাত্রাবাড়ী থানায় খুন, হত্যাচেষ্টা, গুরুতর জখম, অপরাধমূলক ষড়যন্ত্র, দাঙ্গা ও বেআইনি সমাবেশের অভিযোগে আরও একটি মামলা রয়েছে।
গ্রেপ্তারদের বিষয়ে গোপালগঞ্জের পুলিশ প্রশাসনকে অবহিত করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে এসআরবি-২।