☰
✕

সিলেটে বাসে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের ৪ নেতা আটক

১৭ নভেম্বর, ২০২৬

সিলেটে বাসে অগ্নিসংযোগ ও নাশকতার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চার নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে সিলেটের এয়ারপোর্ট থানার নতুনবাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। তথ্যপ্রযুক্তির সহায়তা ও ভিডিও ফুটেজ পর্যালোচনা করে তাঁদের শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আটক ব্যক্তিরা হলেন- সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি সৈয়দ আব্দুল্লাহ আল-মাসুদ (২৫), মহানগর ছাত্রলীগের উপসম্পাদক (উদ্যোক্তা ও উদ্ভাবনবিষয়ক) আব্দুল কাদির বাপ্পি (২২), ছাত্রলীগের সক্রিয় কর্মী মো. সৈয়দ শাকীব (২৫) ও মো. জাহেদ (২৩)।

পুলিশ জানায়, আটক চারজনই ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। সৈয়দ আব্দুল্লাহ আল-মাসুদ সিলেটের লালবাগ বাছাটিলা এলাকার সৈয়দ মকসুদ হোসেনের ছেলে। আব্দুল কাদির বাপ্পি এয়ারপোর্ট থানার ধোপাগুল এলাকার মফিজ মিয়ার ছেলে। মো. সৈয়দ শাকীব বড়শলা এলাকার সৈয়দ মাহবুবুর রহমান ও কুলসুমা বেগমের ছেলে। অপর আটক ব্যক্তি মো. জাহেদ মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার এলাকার মৃত ছানা মিয়ার ছেলে। বর্তমানে তিনি সিলেট নগরীর খাসদবীর এলাকায় বসবাস করেন।

পুলিশের তথ্য অনুযায়ী, গত ১৬ নভেম্বর রাত ৩টা ১০ মিনিটের দিকে এয়ারপোর্ট থানার খাদিমনগর ইউনিয়ন পরিষদের সামনে সিলেট-কোম্পানীগঞ্জ সড়কে চলাচলকারী সাদাপাথর এক্সপ্রেসের দুটি বাসের পেছনের টায়ারে আগুন দেওয়া হয়। এ সময় দুর্বৃত্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে পুলিশ স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে।

পুলিশের দাবি, আটক ব্যক্তিরা নিজেদের ব্যবহৃত মোবাইল ফোনের হোয়াটসঅ্যাপ ও ফেসবুক মেসেঞ্জারে নিষিদ্ধ সংগঠনের বিভিন্ন গ্রুপে যুক্ত ছিলেন। এসব গ্রুপের মাধ্যমে সিলেট মহানগরের বিভিন্ন এলাকায় নাশকতার পরিকল্পনা ও কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ রয়েছে তাঁদের বিরুদ্ধে।

এ ঘটনায় সিলেটের এয়ারপোর্ট থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।