☰
✕

মানিকগঞ্জে বিএনপি কার্যালয়ের পাশে পেট্রল বোমাসদৃশ বস্তু উদ্ধার

১৮ নভেম্বর, ২০২৬

মানিকগঞ্জ জেলা বিএনপির কার্যালয়ের পাশে কেরোসিন ভর্তি একটি কাচের বোতলে আগুন দিয়ে নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে অবিস্ফোরিত অবস্থায় পেট্রল বোমাসদৃশ বস্তুটি উদ্ধার করে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ১২টার দিকে মানিকগঞ্জ শহরের শহীদ রফিক সড়কে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের পাশে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কেরোসিন ভর্তি একটি কাচের বোতলে আগুন ধরিয়ে ঘটনাস্থলে নিক্ষেপ করে দুর্বৃত্তরা। তবে বোতলটি বিস্ফোরিত না হওয়ায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিভিয়ে বোতলটি উদ্ধার করে।

স্থানীয়দের দাবি, হিরো ব্র্যান্ডের সাদা রঙের একটি মোটরসাইকেলে করে মুখোশ পরা দুই ব্যক্তি এসে বোতলটি নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়।

মানিকগঞ্জ সদর থানার ওসি মো. মনির হোসেন জানান, নাশকতার উদ্দেশে দুর্বৃত্তরা বিএনপির দলীয় কার্যালয়ের পাশে কেরোসিন ভর্তি কাচের বোতলে আগুন দিয়ে নিক্ষেপ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে পেট্রল বোমাসদৃশ বস্তুটি জব্দ করেছে। এ ঘটনায় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।