১৮ নভেম্বর, ২০২৬
দেশজুড়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে খুলনা জেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে খুলনা জেলা বিএনপি’র উদ্যোগে নগরীর গল্লামারী থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। জিরোপয়েন্ট হয়ে কয়েকটি সড়ক প্রদক্ষিণ শেষে সাচিবুনিয়া মোড়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপি’র আহ্বায়ক মো. মনিরুজ্জামান মন্টুর সভাপতিত্বে এ সমাবেশ পরিচালনা করেন জেলা বিএনপি’র সদস্য সচিব ও খুলনা জেলা পরিষদের প্রশাসক এসএম মনিরুল হাসান বাপ্পী।
সমাবেশে বক্তারা অবিলম্বে নৈরাজ্য সৃষ্টিকারী ও ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।
এ সময় খুলনা জেলা বিএনপি’র আহবায়ক মো. মনিরুজ্জামান মন্টু বলেন, পতিত ফ্যাসিবাদী শক্তি ও আওয়ামী লীগের দোসররা দেশব্যাপী নৈরাজ্য ও অরাজকতা সৃষ্টির গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। জনগণের জানমালের নিরাপত্তা বিঘ্নিত এবং দেশের চলমান স্থিতিশীলতা নষ্ট করতে তারা নানাভাবে উস্কানি দিচ্ছে। জনগণকে সাথে নিয়ে বিএনপির নেতাকর্মীরা রাজপথে থেকে তাদের যেকোনো অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করবে।
কর্মসূচিতে খুলনা জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক তৈয়বুর রহমান ও এসএম শামীম কবির, জেলা বিএনপি’র সদস্য শেখ আব্দুর রশিদ, কেএম আশরাফুল আলম নান্নু ও সুলতান মাহমুদ, বটিয়াঘাটা উপজেলা বিএনপির সভাপতি এজাজুর রহমান শামীম ও সাধারণ সম্পাদক ফারুক খন্দকার, জেলা শ্রমিক দলের সভাপতি বাবু উজ্জল কুমার সাহা ও সাধারন সম্পাদক খান ইসমাঈল হোসেন, জেলা যুবদলের সভাপতি শেখ নাদিমুজ্জামান জনি, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল মান্নান মিস্ত্রী, জলমা ইউনিয়ন বিএনপির আহবায়ক রুহুল মোমেন লিটন ও সদস্য সচিব আসাবুর রহমান প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।