১৮ নভেম্বর, ২০২৬
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা পরিষদ এবং রাজবাড়ী ও পাংশা পৌরসভায় প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দ্বিতীয় দফায় সারা দেশের প্রার্থীদের তালিকা প্রকাশের অংশ হিসেবে রাজবাড়ীর একটি উপজেলা ও দুটি পৌরসভার প্রার্থীদের নাম ঘোষণা করে দলটি।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে এসব প্রার্থীর নাম ঘোষণা করা হয়।
ঘোষিত প্রার্থীরা হলেন- বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে এনসিপির রাজবাড়ী জেলা শাখার সদস্য সচিব মো. পলাশ খান আব্দুল্লাহ, রাজবাড়ী পৌরসভায় মেয়র পদে জেলা সাংগঠনিক সম্পাদক সাইদুর জামান সাকিব এবং পাংশা পৌরসভায় মেয়র পদে পাংশা উপজেলা আহ্বায়ক এম জহিরুল ইসলাম।
প্রার্থী তালিকা প্রকাশের সময় এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য আরিফুল ইসলাম আদীবসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
এদিকে রাজবাড়ীর এক উপজেলা ও দুই পৌরসভার প্রার্থীদের নাম ঘোষণার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা।
রাজবাড়ী পৌরসভার এনসিপির নবঘোষিত মেয়র প্রার্থী সাইদুর জামান সাকিব বলেন, মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে দল তাকে রাজবাড়ী পৌরসভার মেয়র পদে প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে। এই মনোনয়নকে তিনি সম্মান ও দায়িত্ব হিসেবে গ্রহণ করেছেন।
তিনি আরও বলেন, রাজবাড়ীবাসীর সেবক হতে চাই। আমার ওপর আস্থা ও বিশ্বাস রাখবেন। ইনশাআল্লাহ, আমি সততা ও নিষ্ঠার সঙ্গে মানুষের পাশে থাকব।
অন্যদিকে, বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী মো. পলাশ খান আব্দুল্লাহ বলেন, মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে দল তাকে বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে মনোনয়ন দিয়েছে। এই মনোনয়নকে তিনি আস্থা ও সম্মান হিসেবে গ্রহণ করেছেন।
তিনি বলেন, বালিয়াকান্দির আস্থার প্রতীক হতে চাই। আমার জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ, বালিয়াকান্দিবাসীর অধিকার আদায়ের লড়াইয়ে সততা ও নিষ্ঠার সঙ্গে পাশে থাকব।