☰
✕

রাজনৈতিক সহিংসতার প্রতিবাদে ২১ নভেম্বর ঢাকায় জামায়াতের বিক্ষোভ কর্মসূচি

১৮ নভেম্বর, ২০২৬

গণভোটের রায় মেনে নেওয়ার ঘোষণা দিলে বিরোধী দল হিসেবে সরকারের সব কাজে সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেছেন, সরকার গণভোটের গণরায় মেনে নিলে রাজনৈতিক সংকট কেটে যাবে এবং জনগণের আস্থা ফিরে আসবে।

বুধবার (১৮ নভেম্বর) দুপুরে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এর আগে সকাল ১১টায় দলটির আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে গোলাম পরওয়ার বলেন, দেশের বর্তমান আইনশৃঙ্খলা ও রাজনৈতিক পরিস্থিতি, জনগণের জানমালের নিরাপত্তাহীনতা এবং স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে জনমনে উদ্বেগ তৈরি হয়েছে। এসব বিষয় নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে। সংসদের প্রধান বিরোধী দল হিসেবে বর্তমান পরিস্থিতিতে করণীয় ও জনগণের প্রতি বার্তা নির্ধারণ করেছে জামায়াত।

তিনি অভিযোগ করেন, গত ১২ ফেব্রুয়ারির গণভোটে জনগণের দেওয়া রায় উপেক্ষা করে সরকার একদলীয় কর্তৃত্ববাদী মানসিকতায় দেশ পরিচালনার দিকে এগোচ্ছে। তাঁর দাবি, জুলাই সনদ নিয়ে রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছে স্বাক্ষর করেছিল এবং পরবর্তী সময়ে গণভোটে প্রায় ৭০ শতাংশ মানুষ এর পক্ষে রায় দিয়েছেন। কিন্তু ক্ষমতাসীন দল সেই গণরায় উপেক্ষা করছে।

গোলাম পরওয়ার বলেন, প্রায় পাঁচ কোটি মানুষের দেওয়া রায়ের প্রতি সরকারের এমন অবস্থানের কারণে জনগণের আস্থা নষ্ট হয়েছে। একটি সনদে সম্মত হওয়ার পর ক্ষমতায় গিয়ে তা অস্বীকার করা রাজনৈতিক দ্বিচারিতা। গণভোটের রায় মেনে নিলে বর্তমান রাজনৈতিক সংকট অনেকটাই নিরসন সম্ভব।

সহিংসতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ

দেশের সাম্প্রতিক সহিংসতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা আসার পর গোপালগঞ্জ, ফরিদপুর, ভাঙ্গা, নড়াইল ও পিরোজপুরসহ বিভিন্ন এলাকায় সহিংসতা ও অস্থিরতা দেখা যাচ্ছে। মহাসড়কে গাছ কেটে ও রাস্তা বন্ধ করে যান চলাচলে বাধা দেওয়া হচ্ছে। বিভিন্ন স্থানে গাড়িতে তল্লাশি চালিয়ে মানুষকে মারধর, অগ্নিসংযোগ এবং বাড়িঘর ও দোকানপাটে হামলার ঘটনা ঘটছে। জামায়াতের সংসদ সদস্যদের বাড়িতেও হামলা ও অগ্নিসংযোগ করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

তিনি আরও অভিযোগ করেন, বিভিন্ন স্থানে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে থানায় হামলা ও থানা থেকে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটছে। পুলিশের ওপর হামলা এবং তাদের গাড়ি ভাঙচুর করা হচ্ছে। এমন পরিস্থিতিতে আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালন করতে পারছে না। অথচ স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক বলে বক্তব্য দিচ্ছেন। সরকারের বক্তব্যের সঙ্গে বাস্তব পরিস্থিতির অসংগতি রয়েছে বলে মন্তব্য করেন তিনি।

গোলাম পরওয়ার বলেন, জনগণের জানমালের নিরাপত্তা এবং সরকারি স্থাপনা রক্ষার দায়িত্ব সরকার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। সরকার যথাযথ দায়িত্ব পালন করতে না পারলে রাষ্ট্রের সাংবিধানিক অভিভাবক হিসেবে রাষ্ট্রপতির ভূমিকা নেওয়া প্রয়োজন।

সরকারের দুর্বলতা এবং প্রশাসনের একটি অংশের পরিকল্পিত ভূমিকার মাধ্যমে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তিনি। তাঁর দাবি, প্রশাসন, পুলিশ, বিচার বিভাগ ও সাংবিধানিক বিভিন্ন পদে এখনো ফ্যাসিবাদের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিরা রয়েছেন। সীমান্তের ওপারে পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতাকর্মীদের দেশে প্রবেশের খবরও তাঁরা পাচ্ছেন। এসব ব্যক্তিকে চিহ্নিত করে আইনের আওতায় আনার আহ্বান জানান তিনি।

ডিসেম্বরজুড়ে কর্মসূচি জামায়াতের

দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ফ্যাসিবাদবিরোধী অবস্থান ধরে রাখতে দেশপ্রেমিক জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান গোলাম পরওয়ার। তিনি বলেন, বাংলাদেশের মাটিতে আর কখনো ফ্যাসিবাদের জায়গা হবে না। এ লক্ষ্যে ডিসেম্বর মাসজুড়ে কর্মসূচি পালন করবে জামায়াত। আগামী ২১ নভেম্বর শনিবার রাজধানীতে সন্ত্রাস ও সহিংসতার বিরুদ্ধে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করা হবে। মাসব্যাপী অন্যান্য কর্মসূচির বিস্তারিত পরবর্তী সংবাদ সম্মেলনে জানানো হবে।

তিনি সব রাজনৈতিক দল ও ফ্যাসিবাদবিরোধী শক্তিকে নিজ নিজ অবস্থান থেকে কর্মসূচি ঘোষণা করে মাঠে থাকার আহ্বান জানান। একই সঙ্গে সাধারণ মানুষকে শান্ত থাকার এবং সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদী হওয়ার অনুরোধ করেন।

জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে জামায়াতের অবস্থান তুলে ধরে তিনি বলেন, গণভোটের রায় মেনে নেওয়ার দাবিতে দলটি লংমার্চ, সভা-সমাবেশসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে। রাজধানী থেকে করিমগঞ্জ পর্যন্ত লংমার্চের মাধ্যমে জনমত গড়ে তোলার চেষ্টা করা হয়েছে। জনগণ গণভোটের রায় মেনে নেওয়ার পক্ষে অবস্থান নিয়েছে বলে দাবি করেন তিনি।

গণভোটের রায় মানলে কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা

গোলাম পরওয়ার বলেন, সংসদের শেষ দিনে প্রধানমন্ত্রীর সমাপনী বক্তব্যে জুলাই সনদ ও গণভোটের রায় নিয়ে সৃষ্ট সংকট সমাধানে স্পষ্ট বার্তা প্রত্যাশা করছে দেশবাসী। রাজপথে সংঘাতের পরিবর্তে সংসদের ভেতরেই রাজনৈতিক সংকটের সমাধান হওয়া উচিত।

তিনি বলেন, সরকার শুধু ঘোষণা দিক যে তারা গণভোটে ৭০ শতাংশ মানুষের দেওয়া রায় মেনে নিয়েছে। তাহলেই জামায়াত তাদের চলমান সব কর্মসূচি প্রত্যাহার করে নেবে। এরপর গণভোটে অনুমোদিত সংবিধান সংস্কারের প্রস্তাবগুলো বাস্তবায়নে সরকার ও বিরোধী দল সংসদীয় প্রক্রিয়ায় একসঙ্গে কাজ করতে পারবে।

তবে গণভোটের রায় মেনে নেওয়াকে সরকারের সঙ্গে সহযোগিতার আনুষ্ঠানিক শর্ত হিসেবে দেখছেন না বলে জানান তিনি। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে গোলাম পরওয়ার বলেন, সরকার বা সরকারি দলের পক্ষ থেকে জামায়াতের কাছে আনুষ্ঠানিকভাবে সহযোগিতার কোনো প্রস্তাব আসেনি। সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন বক্তব্য প্রচারিত হলেও সেগুলোকে আনুষ্ঠানিক প্রস্তাব হিসেবে বিবেচনা করা যায় না।

তিনি বলেন, সরকার গণভোটের রায় মেনে জনগণের আস্থা ফিরিয়ে আনুক। রাজনৈতিক সংকটের সমাধান হলে অন্যান্য সংকটও কাটিয়ে ওঠা সম্ভব হবে।

গার্মেন্টস খাতের অস্থিরতা নিয়েও উদ্বেগ

গার্মেন্টস খাতের অস্থিরতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। তিনি বলেন, পোশাকশিল্পে শ্রমিকদের দাবির পাশাপাশি সহিংসতার পেছনে উসকানির বিষয়ও রয়েছে বলে তাঁরা মনে করেন। একটি মহল শিল্প ও অর্থনীতি ধ্বংস করতে চায় বলে অভিযোগ করেন তিনি। শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করার পাশাপাশি শিল্পের নিরাপত্তা রক্ষায় মালিকপক্ষের প্রতি আহ্বান জানান।

গোলাম পরওয়ার বলেন, শ্রমিক বাঁচলে শিল্প বাঁচবে, আবার শিল্প বাঁচলে দেশ বাঁচবে। তাই শ্রমিকদের ন্যায্য দাবি ও শিল্পের স্বার্থের মধ্যে সমন্বয় করে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। গার্মেন্টস খাতের অস্থিরতা নিরসনে জামায়াত সহযোগিতা করতে প্রস্তুত বলেও জানান তিনি।

আওয়ামী লীগের দেশে ফেরার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে গোলাম পরওয়ার বলেন, আওয়ামী লীগকে ফিরিয়ে আনার বিষয়ে জামায়াত কোনো সমর্থন দেবে না। বরং সরকার তাদের ফিরিয়ে আনার জন্য কোনো ব্যবস্থা করছে কি না, সে ধরনের পরিস্থিতি তাঁরা লক্ষ করছেন।

বিএনপির সঙ্গে একযোগে মাঠে থাকার বিষয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, জামায়াত ও বিএনপি একই দল নয়। বিএনপি সরকার পরিচালনা করছে, আর জামায়াত বিরোধী দলে রয়েছে। তবে ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে দেশপ্রেমিক জনগণের সঙ্গে জামায়াত ঐক্যবদ্ধ রয়েছে। রাজপথ ও সংসদে দলটি নিজ নিজ অবস্থান থেকে কাজ করছে। নতুন করে অবস্থান নেওয়ার কোনো ঘোষণাও নেই।

সংবাদ সম্মেলনে জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান, নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম, অধ্যাপক মুজিবুর রহমানসহ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।