১৮ নভেম্বর, ২০২৬
মানুষ হিসেবে আমাদের সবার জীবনেই কিছু মানসিক আঘাত, অতীতের ট্রমা এবং অমীমাংসিত সমস্যা থাকে। বেদনাদায়ক স্মৃতিগুলো আমাদের চিন্তাভাবনা, অনুভূতি এবং বিভিন্ন পরিস্থিতিতে আমাদের প্রতিক্রিয়ার ধরনকে প্রভাবিত করতে পারে। কেউ কেউ সময়ের সাথে সাথে অতীতের অভিজ্ঞতা কাটিয়ে উঠতে পারলেও, অন্যরা সেই মানসিক বোঝা বয়ে বেড়াতে থাকেন। দীর্ঘমেয়াদে এই অমীমাংসিত যন্ত্রণা তাদের সম্পর্ক, সিদ্ধান্ত গ্রহণ এবং সামগ্রিক সুস্থতার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। আসল চ্যালেঞ্জটি অতীতকে মুছে ফেলার মধ্যে নয়, বরং বর্তমান জীবনে আমরা কীভাবে সেই অতীতকে নিয়ন্ত্রণ করি, তার ওপর নির্ভর করে।
কখনও কখনও আমরা এর কারণগুলো বুঝতেই পারি না। মানসিক চাপ সৃষ্টি করে এমন চিন্তার ধরনগুলো শনাক্ত করাই হলো আবেগীয় মুক্তি পাওয়ার প্রথম ধাপ। সচেতনতা বৃদ্ধি এবং কিছু অনুশীলনের মাধ্যমে এই চিন্তার ধরনগুলোকে ইতিবাচকভাবে পরিবর্তন করা সম্ভব।
মানসিক বোঝা (Emotional Baggage) বলতে কী বোঝায়?
মানসিক বোঝা হলো অতীতের আঘাত, মানসিক চাপ, স্মৃতি এবং জীবনজুড়ে জমে থাকা অন্যান্য নেতিবাচক অনুভূতির সমষ্টি, যা থেকে একজন ব্যক্তি বেরিয়ে আসতে পারেন না। এটি শৈশবের কোনো ঘটনা, নির্যাতন বা এমন কোনো খারাপ সম্পর্কের ফল হতে পারে, যা অতীতে সঠিকভাবে সামলানো সম্ভব হয়নি।
কীভাবে শনাক্ত করবেন?
মাঝে মাঝে আমরা অবচেতনভাবে আমাদের সেই পুরনো নেতিবাচক স্মৃতিগুলোকে আবার মনে করিয়ে দিই, যেগুলো আমরা আগে চেপে রেখেছিলাম। হঠাৎ করেই সেই স্মৃতিগুলো ফিরে আসে এবং আমাদের মনে নেতিবাচক অনুভূতি ও উদ্বেগের জন্ম দেয়। এর মধ্যে থাকতে পারে কোনো ঘটনার বিলম্বিত প্রতিক্রিয়া, ব্যক্তিগত দ্বন্দ্ব, অথবা অন্য কারো কাছ থেকে পাওয়া অসম্মতি- যা আমাদের মধ্যে উদ্বেগ, নিরাপত্তাহীনতা এবং প্রত্যাখ্যাত হওয়ার ভয় তৈরি করে। আমাদের প্রতিক্রিয়াগুলো অতীত এবং বর্তমান, উভয় অভিজ্ঞতার ওপর ভিত্তি করেই গড়ে উঠতে পারে।
নেতিবাচক চিন্তার ধরনকে চ্যালেঞ্জ করুন
আমাদের মনে যখন ক্রমাগত এমন সব চিন্তা আসে যা সম্ভাব্য সবচেয়ে খারাপ পরিস্থিতির কল্পনা করে, তখন তা মানসিক চাপের কারণ হয়ে দাঁড়ায়। যেমন- আমি সবসময় ব্যর্থ হই, কেউ আমাকে বোঝে না, অথবা সবকিছুতেই যেন ভুল কিছু ঘটে যাবে।
যখন আমরা এমনটা ভাবি, তখন এই চিন্তাগুলোকে চ্যালেঞ্জ করা জরুরি। ভেবে দেখা প্রয়োজন যে, বিষয়টিকে অন্য কোনো দৃষ্টিকোণ থেকে দেখার সুযোগ আছে কি না।
অতীতকে বারবার মনে করা বন্ধ করুন
পুরনো ভুল বা হতাশার স্মৃতিগুলো বারবার মনে করলে বর্তমান মুহূর্তটিকে উপভোগ করা কঠিন হয়ে পড়ে। আমরা অবশ্যই আমাদের পুরোনো ভুলগুলো থেকে শিক্ষা নিতে পারি, কিন্তু কোনো কিছু কেন ভুল হলো, তা নিয়ে অতিরিক্ত চিন্তা করা প্রায়শই আমাদের একই নেতিবাচক মানসিক চক্রে আটকে রাখে।
যদি আপনি কোনো বিষয় নিয়ে অতিরিক্ত চিন্তা করতে শুরু করেন, তবে দ্রুত আপনার মনোযোগ এমন কিছুর দিকে সরিয়ে নিন যা আপনার নিয়ন্ত্রণে রয়েছে। মনের ভাবনাগুলো কাগজে লিখে ফেলা, কিছুক্ষণ হাঁটাচলা করা বা দৈনন্দিন সাধারণ কোনো কাজে মনোযোগ দেওয়া- এসবই আপনাকে বারবার একই চিন্তা করার অভ্যাস থেকে বেরিয়ে আসতে সাহায্য করতে পারে। অতীত থেকে শিক্ষা নেওয়া ভালো, কিন্তু তার জন্য নিজেকে কষ্ট দেওয়া অর্থহীন।
কোনো অপরাধবোধ ছাড়াই বাউন্ডারি নির্ধারণ করুন
আমরা বেশিরভাগ ক্ষেত্রে নিজেদের চাহিদার চেয়ে অন্যদের প্রত্যাশাকে বেশি গুরুত্ব দিই; আর এটিই আমাদের মানসিক ভার বা চাপের অন্যতম প্রধান কারণ। অনেক সময় আমরা ‘না’ বলতে চাইলেও ‘হ্যাঁ’ বলে ফেলি, কারণ সবার খুশির খাতিরে আমরা কোনো অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হতে চাই না। নিজের সময়, শক্তি ও আবেগকে সুরক্ষিত রাখতে সুস্থ বাউন্ডারি (healthy boundaries) তৈরি করার চেষ্টা করুন। নিজের প্রয়োজনগুলো বিনয়ের সঙ্গে প্রকাশ করার অভ্যাস গড়ে তুলুন। প্রতিটি সিদ্ধান্তের জন্য কৈফিয়ত দেওয়ার প্রয়োজন নেই, আবার অন্য কেউ আপনার সিদ্ধান্তে কেমন প্রতিক্রিয়া দেখাল, তার দায়ভারও আপনার নেওয়ার দরকার নেই। মনে রাখবেন, বাউন্ডারি নির্ধারণ করা মানেই স্বার্থপরতা নয়; বরং এটি সুস্থ সম্পর্ক বজায় রাখারই একটি অংশ।
নিজের আবেগের জন্য জায়গা তৈরি করুন
দুঃখ, রাগ বা হতাশার মতো অনুভূতিগুলোকে জোর করে দমন করার প্রয়োজন নেই। কঠিন কোনো আবেগ অনুভব করছেন বলে নিজেকে দোষারোপ করবেন না। আপনার সব আবেগকে মেনে নিন; দুঃখ বা হতাশা অনুভব করলে নিজেকে তা অনুভব করতে দিন, তবে সেই অনুভূতির কারণে নিজেকে নেতিবাচক মানসিকতায় ডুবিয়ে দেবেন না।
ডায়েরি লেখা, শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম (breathing exercises), শরীরচর্চা করা কিংবা বিশ্বস্ত কারো সঙ্গে কথা বলা- এগুলো কঠিন আবেগ সামলানোর স্বাস্থ্যকর উপায়। মূল বিষয়টি হলো, নেতিবাচক আবেগ অনুভব করার জন্য নিজেকে অপরাধী ভাবা বন্ধ করা এবং সেই আবেগগুলোকে সহজভাবে মেনে নেওয়া।
কখন সহায়তা নিতে হবে তা জানুন
কিছু মানসিক অনুভূতি বা প্যাটার্ন বেশ গভীর হয়, যা নিজে থেকে কাটিয়ে ওঠা কঠিন হতে পারে। যদি আপনি তীব্র উদ্বেগ বা এমন কোনো মানসিক ভার অনুভব করেন যা আপনার ব্যক্তিগত সম্পর্ক, ঘুমের ধরন, এমনকী দৈনন্দিন স্বাভাবিক কাজকর্মকেও ব্যাহত করছে, তবে একজন পেশাদার থেরাপিস্টের সহায়তা নেওয়া ভালো হতে পারে।